ভালোবাসার বন্ধনে পুলিশ-সমাজ, পশ্চিম আগরতলা মহিলা থানায় রাখি বন্ধন উৎসব
আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : সমাজ সুরক্ষায় প্রয়োজন ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসের দৃঢ় বন্ধন। আর সেই বন্ধনকে আরও সুদৃঢ় করার অন্যতম মাধ্যম রাখি বন্ধন উৎসব। পবিত্র রাখি বন্ধনকে কেন্দ্র করে শুক্রবার পশ্চিম আগরতলা মহিলা থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠা
রাখি বন্ধন উৎসব


আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : সমাজ সুরক্ষায় প্রয়োজন ভালোবাসা ও পারস্পরিক বিশ্বাসের দৃঢ় বন্ধন। আর সেই বন্ধনকে আরও সুদৃঢ় করার অন্যতম মাধ্যম রাখি বন্ধন উৎসব। পবিত্র রাখি বন্ধনকে কেন্দ্র করে শুক্রবার পশ্চিম আগরতলা মহিলা থানায় আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে এমনই ভালোবাসা ও সম্প্রীতির বন্ধনের ছবি ধরা পড়ে।

সনাতনী সংস্কৃতি ও পরম্পরার অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব রাখি বন্ধন। সারা দেশের পাশাপাশি ত্রিপুরাতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে এই উৎসব। তারই অংশ হিসেবে শুক্রবার পশ্চিম মহিলা থানার উদ্যোগে আয়োজন করা হয় রাখি বন্ধন উৎসবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহা নির্দেশক জি এস রাও, আইজি (আইন শৃঙ্খলা) মনচাক ইপ্পার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মনসহ আগরতলা পুর নিগমের ৩২ নম্বর ওয়ার্ড থেকে আগত বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা।

অনুষ্ঠানে উপস্থিত মহিলারা পুলিশ আধিকারিকদের হাতে পবিত্র রাখি পরিয়ে দেন। পাশাপাশি তাঁদের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও কর্মক্ষেত্রে সাফল্য কামনা করেন। রাখি পরানোর মধ্য দিয়ে পুলিশ ও সমাজের মধ্যে পারস্পরিক আস্থা, নিরাপত্তা ও ভ্রাতৃত্বের বার্তাও তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক জি এস রাও বলেন, সংস্কৃতি ও উৎসব সমাজের সকল স্তরের মানুষকে একসূত্রে বেঁধে রাখে। পশ্চিম মহিলা থানার এই উদ্যোগের মূল লক্ষ্যও পুলিশকে সমাজ এবং সমাজের মানুষের আরও কাছাকাছি নিয়ে আসা। এই ধরনের কর্মসূচির মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি জনপরিষেবার কাজেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাখি বন্ধন উৎসবের তাৎপর্য তুলে ধরে রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা বলেন, সমাজকে সুরক্ষিত রাখতে একটি প্রগাঢ় বন্ধনের প্রয়োজন। সেই বন্ধন হতে হবে ভালোবাসার বন্ধন। সমাজের মানুষের মধ্যে এই ভালোবাসা ও পারস্পরিক আস্থার বন্ধনকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে রাখি বন্ধন উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এদিন আগরতলা পৌর নিগমের ৩২ নম্বর ওয়ার্ডের ৫৩ নম্বর বুথ থেকে আগত এক এনজিও সদস্যা পৌরাণিক কাহিনির শ্লোক উচ্চারণ করে রাখি বন্ধনের আনন্দ ও তাৎপর্য তুলে ধরেন। তাঁর বক্তব্যে অনুষ্ঠানের পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

পশ্চিম আগরতলা মহিলা থানায় আয়োজিত এই অনুষ্ঠানে এদিন এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পুলিশ আধিকারিক, মহিলা কমিশনের প্রতিনিধি এবং এনজিও সদস্যদের পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির আবহে অনুষ্ঠানের তাৎপর্য আরও বৃদ্ধি পায়। পশ্চিম মহিলা থানার ওসি আশা প্রকাশ করেন, এই আনন্দঘন পরিবেশ ও ভালোবাসার বার্তা সমাজের সর্বত্র ছড়িয়ে পড়বে এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সম্পর্ক আরও নিবিড় হবে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande