রামঠাকুর সংঘ এলাকায় ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি
আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : রাজধানী আগরতলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব আগরতলা থানাধীন রামঠাকুর সংঘ এলাকায় একটি ওষুধের দোকানে গ্রিল ভেঙে ঢুকে ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। ঘট
দুঃসাহসিক চুরি


আগরতলা, ২৮ আগস্ট (হি.স.) : রাজধানী আগরতলায় ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে পূর্ব আগরতলা থানাধীন রামঠাকুর সংঘ এলাকায় একটি ওষুধের দোকানে গ্রিল ভেঙে ঢুকে ক্যাশবাক্স থেকে লক্ষাধিক টাকা নিয়ে পালিয়েছে চোরের দল। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। পরপর চুরির ঘটনায় রাজধানীতে রাতের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

জানা যায়, রামঠাকুর সংঘ এলাকায় মেডিসিন হাউজ নামে একটি ওষুধের দোকানেই এই চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার গভীর রাতে দোকানের গ্রিল ভেঙে চোরের দল ভিতরে প্রবেশ করে। এরপর দোকানের ক্যাশবাক্স ভেঙে নগদ লক্ষাধিক টাকা নিয়ে যায় তাঁরা। চুরির পর দোকানের শাটার নামিয়ে তার সামনে একটি সাইনবোর্ড রেখে যায় চোরেরা।

শুক্রবার সকালে দোকান খুলতে এসে দোকানের মালিক রাজু সাহা প্রথমে শাটারের সামনে সাইনবোর্ডটি দেখতে পান। সাইনবোর্ড সরাতেই তাঁর নজরে আসে শাটারের বেশ কিছুটা অংশ খোলা রয়েছে। সন্দেহ হওয়ায় তিনি দ্রুত মহারাজগঞ্জ বাজার পুলিশ ফাঁড়ি ও পূর্ব আগরতলা থানায় খবর দেন।

খবর পেয়ে প্রায় ৪৫ মিনিট পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতিতেই দোকান খুলে ভিতরে প্রবেশ করেন মালিক। এরপর ক্যাশবাক্স ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। দোকান থেকে লক্ষাধিক টাকা চুরি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে, চুরির ঘটনাস্থল থেকে মাত্র প্রায় ৫০ মিটার দূরে বনমালীপুর এলাকার কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের বাসভবন রয়েছে। নিরাপত্তাজনিত কারণে ওই এলাকায় রাতে পুলিশের টহল থাকার কথা থাকলেও চুরির সময় সেখানে পুলিশের নজরদারি বা টহল ব্যবস্থা কতটা সক্রিয় ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, রাজধানীর বিভিন্ন এলাকায় সাম্প্রতিক সময়ে মন্দির, দোকানপাটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চুরির ঘটনা সামনে এসেছে। ফলে রাতের বেলায় পুলিশের নজরদারি ও টহল ব্যবস্থা আরও জোরদার করার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। রামঠাকুর সংঘের এই চুরির ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande