
কলকাতা, ২৯ আগস্ট (হি. স.) : এন্টালি থানার মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় স্থানীয় বিজেপি নেতা সুদীপ রামকে সাময়িকভাবে বরখাস্ত করল বিজেপি। শুক্রবার দলের তরফ থেকে তাঁকে একটি শো-কজ (কারণ দর্শানোর) নোটিশ জারি করা হয়েছে। নোটিশে জানতে চাওয়া হয়েছে যে, স্বাধীনতা দিবসের রাতে তিনি কেন এমন পদক্ষেপ গ্রহণ করেছিলেন? সুদীপ রামকে আগামী সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বিজেপি নেতৃত্বের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সুদীপ রাম বরখাস্তই থাকবেন। বিজেপির শৃঙ্খলা রক্ষা কমিটি এই আইনি পদক্ষেপ গ্রহণ করেছে এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্যের নির্দেশক্রমেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, স্বাধীনতা দিবসের রাতে এন্টালি থানা এলাকায় বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে চলে আসা বিবাদ গুরুতর রূপ ধারণ করে। একটি গোষ্ঠীকে প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের সমর্থক বলে মনে করা হয়, আর অন্য গোষ্ঠীতে দুই ভাই দিলীপ রাম ও সুদীপ রামের সমর্থকরা রয়েছে।
সূত্র মারফৎ জানা গেছে, পদ্মপুকুরের ৫৪ নম্বর ওয়ার্ডে দিলীপ ও সুদীপ রামের গোষ্ঠী দুর্গাপূজা আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। এর জন্য খুঁটি পূজাও করা হয়েছিল। অভিযোগ, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের গোষ্ঠী এর বিরোধিতা করে। যদিও প্রিয়াঙ্কা গোষ্ঠীর দাবি, দুর্গাপূজা নিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গেই দিলীপ-সুদীপ গোষ্ঠীর ঝামেলা হয়েছিল।
জানা যাচ্ছে যে, এই বিবাদের প্রভাব স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের সময়ও দেখতে পাওয়া যায়। অভিযোগ, দিলীপ-সুদীপ গোষ্ঠীর আয়োজিত অনুষ্ঠানে কিছু লোক পৌঁছে হাঙ্গামা সৃষ্টি করে এবং কয়েকজনের সঙ্গে মারপিটও করা হয়।
এর প্রতিবাদে ক্ষতিগ্রস্ত গোষ্ঠীর লোকেরা এন্টালি থানা ঘেরাও করে। অভিযোগ, এই সময়ই থানার মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
ঘটনার খবর পাওয়া মাত্রই গভীর রাতে পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকেরা এন্টালি থানায় পৌঁছান। আধিকারিকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
যদিও দিলীপ-সুদীপ গোষ্ঠীর পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, তাঁদের দলের কেউ থানার গেটে তালা লাগায়নি। তাঁদের উল্টো অভিযোগ, পুলিশকর্মীরা নিজেরাই গেটে তালা লাগিয়েছিলেন।
অন্যদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনাকে কেন্দ্র করে দিলীপ রাম ও সুদীপ রামের বিরুদ্ধে এন্টালি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি