
কলকাতা, ২৯ আগস্ট (হি.স.) : চেতনার কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে শনিবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত হল ‘সাংবাদিক নজরুল’। ছায়ানট (কলকাতা) ও কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে এদিন বিকেল ৪টে থেকে প্রায় দুই ঘণ্টার ওই অনুষ্ঠানে - নজরুলের সাংবাদিকতা ও তাঁর সম্পাদিত পত্রপত্রিকায় প্রকাশিত লেখালেখি নিয়ে আলোচনা হয়েছ। এদিন আলোচনায় অংশগ্রহণ করেন কবি সৈয়দ হাসমত জালাল, হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও নজরুল গবেষক ড. শেখ কামাল উদ্দীন এবং ছায়ানট (কলকাতা)-র সভাপতি ও নজরুল গবেষক সোমঋতা মল্লিক। অনুষ্ঠান সঞ্চালনা করেন পীতম ভট্টাচার্য।
উল্লেখ্য, ১৯২০ সালের জুলাইয়ে মুজফ্ফর আহ্মদের সঙ্গে যুগ্ম সম্পাদনায় ‘নবযুগ’ প্রকাশের মাধ্যমে ২১ বছর বয়সে নজরুলের সাংবাদিকতায় হাতেখড়ি। পরে ১৯২২ সালে তাঁর সম্পাদনায় প্রকাশিত হয় অর্ধ-সাপ্তাহিক ‘ধূমকেতু’। স্বাধীনতার দাবিতে সরব এই পত্রিকায় নজরুলের লেখনী ব্রিটিশবিরোধী চেতনার অন্যতম মুখ হয়ে ওঠে। ১৯২৫ সালে ‘লাঙল’ পত্রিকার প্রধান পরিচালক হিসাবেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। ১৯৪১ সালে ফের ‘নবযুগ’-এর প্রধান সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন।
শনিবারের অনুষ্ঠানে নজরুলের বিভিন্ন পত্রিকায় প্রকাশিত সম্পাদকীয় ও কবিতার নির্বাচিত অংশ পাঠ করেন ছায়ানটের বাচিক শিল্পীরা। নজরুল সঙ্গীত পরিবেশন করেন হৈমন্তী রায়। পাশাপাশি কথাশিল্পের শিল্পীরা সমবেত ভাবে পরিবেশন করেন ‘সাম্যবাদী’ কবিতা। নজরুলের সাংবাদিক সত্তাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত