এক কিলোমিটার এলিভেটেড করিডরেই বদল চিত্র, জাটিঙ্গা–হারাঙ্গাজাওয়ে কমল যানজট
হাফলং (অসম), ২৯ আগস্ট (হি.স.): শিলচর–সৌরাষ্ট্র ইস্ট–ওয়েস্ট করিডরের জাটিঙ্গা–হারাঙ্গাজাও ২৫ কিলোমিটার অংশে দলাইচুঙ্গার কাছে এলিভেটেড করিডরের প্রায় এক কিলোমিটার দু’লেনের রাস্তা গত ২৪ আগস্ট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার ওই অংশ চালু হওয়ার
Road


হাফলং (অসম), ২৯ আগস্ট (হি.স.):

শিলচর–সৌরাষ্ট্র ইস্ট–ওয়েস্ট করিডরের জাটিঙ্গা–হারাঙ্গাজাও ২৫ কিলোমিটার অংশে দলাইচুঙ্গার কাছে এলিভেটেড করিডরের প্রায় এক কিলোমিটার দু’লেনের রাস্তা গত ২৪ আগস্ট যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। রাস্তার ওই অংশ চালু হওয়ার পর হাফলং–শিলচর ২৭ নম্বর জাতীয় সড়কে যানজটের সমস্যা অনেকটাই কমেছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবেই প্রতিদিন এই পথে যাতায়াতকারী যাত্রীদের মধ্যেও স্বস্তি ফিরেছে। এলিভেটেড করিডরের দু’লেন খুলে যাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ডিমা হাসাওয়ের জেলা কমিশনার গায়ত্রী দেবীদাস হাইলিঙ্গে। তাঁর মতে, রাস্তার এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়ায় এত দিন ধরে চলা যানজটের সমস্যা কিছুটা হলেও কমেছে। গুয়াহাটি থেকে হাফলং হয়ে যাতায়াতও আগের তুলনায় আরও স্বচ্ছন্দ হয়েছে বলে জানান তিনি। তবে রাস্তা চালু হওয়ার পর নতুন একটি উদ্বেগও সামনে এসেছে। স্থানীয়দের অভিযোগ, এলিভেটেড করিডরের উপর দিয়ে বেশ কিছু যানবাহন বেপোরয়া ভাবে অত্যন্ত দ্রুত গতিতে চলাচল করছে। অথচ ওই অংশে এখনও পর্যাপ্ত ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা গড়ে ওঠেনি। পাশাপাশি প্রয়োজনীয় সাইনেজের অভাবও রয়েছে। ফলে যানবাহনের গতি নিয়ন্ত্রণে না থাকলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এই পরিস্থিতিতে চালকদের সতর্কতার সঙ্গে যানবাহন চালানোর আহ্বান জানিয়েছেন জেলা কমিশনার। বিশেষ করে নতুন চালু হওয়া অংশে নির্ধারিত গতিসীমা মেনে চলা এবং রাস্তার পরিস্থিতি বুঝে গাড়ি চালানোর উপর জোর দেওয়া হয়েছে। প্রশাসনের আশা, এলিভেটেড করিডরের বাকি অংশও দ্রুত যান চলাচলের উপযোগী হলে জাটিঙ্গা হারাঙ্গাজাও সড়কে যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে এবং হাফলং–শিলচর পথে যাতায়াতের ক্ষেত্রে দীর্ঘদিনের দুর্ভোগ আরও কমবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande