
মুম্বই,৩০ আগস্ট (হি. স.):ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই)-এর মুম্বই দল বিমানবন্দরে সোনা পাচারের একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬.৬৫ কেজি বিদেশি সোনা বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার আনুমানিক মূল্য ১০.৭৫ কোটি টাকা। ধৃতদের মধ্যে একটি বিমান সংস্থার চুক্তিভিত্তিক গ্রাউন্ড স্টাফও রয়েছে।
তদন্তকারী আধিকারিকের বক্তব্য অনুযায়ী, দুবাই, ব্যাংকক ও মালে-র মতো আন্তর্জাতিক রুটে মুম্বই হয়ে যাতায়াতকারী ট্রানজিট যাত্রী এবং বিমান সংস্থার কর্মীদের সাহায্যে এই চক্রটি সোনা পাচার করছিল।
ধৃতদের পরিচয় মুনাফ জামাদার (২৩), মহম্মদ মহিউদ্দিন (৩৬), মহম্মদ ইসমাইল হুসেন (৩৭), মহম্মদ রাশেদুল আলম (৩৮), মহম্মদ আবু নাসর (৩৮) এবং মহম্মদ নাজিমুদ্দিন (৩০) হিসেবে জানা গিয়েছে।
ডিআরআইয়ের কাছে খবর ছিল, বিমান সংস্থার গ্রাউন্ড স্টাফ হিসেবে কর্মরত মুনাফ জামাদার সোনা পাচারের সঙ্গে যুক্ত। বিমানবন্দরের বাইরে কোনও ব্যক্তির হাতে পাচার করা সোনা তুলে দেওয়ার কথা ছিল তাঁর। সেই তথ্যের ভিত্তিতে শনিবার রাতে বিমানবন্দরে নজরদারি চালায় ডিআরআই দল।
জামাদারকে আটক করে তল্লাশি চালাতেই তাঁর প্যান্টের পিছনের পকেট থেকে ডিমের আকারের সাতটি ক্যাপসুল উদ্ধার হয়। সেগুলির মধ্যে মোমের আকারে সোনার গুঁড়ো লুকিয়ে রাখা হয়েছিল।
জিজ্ঞাসাবাদে জামাদার চক্রের সঙ্গে যুক্ত আরও পাঁচজনের বিষয়ে তথ্য দেয় বলে দাবি তদন্তকারীদের। ওই পাঁচজনই বাংলাদেশি নাগরিক এবং ট্রানজিট যাত্রী বলে জানা গিয়েছে। অভিযানে মোট ৬,৬৫০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করা হয়েছে।
রবিবার ডিআরআই জানিয়েছে, তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। চক্রটির অন্য সদস্য এবং মূল নিয়ন্ত্রকদের ভূমিকা খতিয়ে দেখতে তথ্য ও প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তদন্ত এগোলে আরও গ্রেফতার হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আধিকারিকরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য