
পাটনা, ৩০ আগস্ট (হি.স.): বিহারের পাটনা জেলার বাঢ় মহকুমার বেধনা গ্রামের সৈদপুর টোলায় রবিবার সন্দেহজনক পরিস্থিতিতে চার যুবকের মৃত্যু হয়েছে। প্রাথমিক ভাবে বিষাক্ত মদ খাওয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে পুলিশ এখনও বিষয়টি নিশ্চিত করেনি। ঘটনার পর ক্ষুব্ধ গ্রামবাসীরা বখতিয়ারপুর-মোকামা ফোরলেন অবরোধ করে বিক্ষোভ দেখান।
মৃতদের পরিচয় রামাকান্ত সিংয়ের ছেলে শশী কুমার, বিরজু রামের ছেলে বিকাশ রাম, নন্দে সিংয়ের ছেলে পঙ্কজ সিং এবং রাজু সিংয়ের ছেলে নিশু কুমার হিসেবে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বাঢ়ের মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) রামকৃষ্ণ জানান, চার যুবকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণ সংগ্রহের জন্য ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরি (এফএসএল)-র দলকেও ডাকা হয়েছে। তদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, চার যুবক বিষাক্ত মদ পান করেছিলেন বলে তাঁদের সন্দেহ। যদিও পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও এফএসএল রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্ট হবে।
ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসীরা বখতিয়ারপুর-মোকামা ফোরলেন অবরোধ করেন। এর ফলে যান চলাচল ব্যাহত হয়। মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ এবং কথিত অবৈধ মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
গ্রামবাসীদের অভিযোগ, বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রি চলছে। অবৈধ মদের কারবার বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটছে বলে তাঁদের দাবি।
পুলিশ মৃতরা কী পান করেছিলেন এবং ঠিক কোন পরিস্থিতিতে তাঁদের মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে। এফএসএল ও ময়নাতদন্তের রিপোর্টের পরই নিশ্চিত হওয়া যাবে, বিষাক্ত মদ খাওয়ার কারণে তাঁদের মৃত্যু হয়েছে কি না।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য