
কলকাতা, ৩০ আগস্ট (হি. স.) : শ্রাবণী মেলায় তীর্থযাত্রী সামলাতে পূর্ব রেলের বিশেষ ব্যবস্থা। উল্লেখ্য, শ্রাবণী মেলা ২০২৬-এ তীর্থযাত্রীদের ভিড় সামলাতে এবং ট্রেন পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক ব্যবস্থা নিয়েছিল পূর্ব রেল। সাধারণ ব্যবস্থাপক গীতিকা পান্ডের নেতৃত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেন পূর্ব রেলের শীর্ষ আধিকারিকেরা। যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেছেন ও সর্বশেষ পরিস্থিতির খোঁজও নেন তাঁরা।
পূর্ব রেলের পরিসংখ্যান অনুযায়ী, ২৮ আগস্ট পর্যন্ত ছ’টি প্রধান রিপোর্টিং স্টেশনে পরিষেবা নিয়েছেন ৭৫.২১ লক্ষেরও বেশি তীর্থযাত্রী। গত বছরের তুলনায় যা প্রায় ১০.৫৪ শতাংশ বেশি। বাসুকিনাথ, তারকেশ্বর ও দেওঘরে যাত্রীসংখ্যা উল্লেখযোগ্যভাবেই তা বেড়েছে। এক ষদিনে সর্বাধিক ভিড় হয়েছিল ৩ আগস্ট তারকেশ্বরে - ১ লক্ষ ৫৯ হাজারেরও বেশি।
ভিড় নিয়ন্ত্রণে যশিডি, দেওঘর, বাসুকিনাথ, বৈদ্যনাথধাম, সুলতানগঞ্জ ও তারকেশ্বরে বিশেষ হোল্ডিং ও অ্যাসেম্বলি এলাকা তৈরি করা হয়। টিকিটের চাপ কমাতে ইউটিএস, এটিভিএম ও মোবাইল ইউটিএসের ব্যবস্থা বাড়ানো হয়। নিরাপত্তায় মোতায়েন ছিলেন ৮৯০ জন আরপিএফ কর্মী এবং বসানো হয়েছিল ৩০৯টি সিসিটিভি ক্যামেরা।
চিকিৎসা সহায়তায় ৯টি বুথ ও ৯টি অ্যাম্বুল্যান্সের মাধ্যমে ১৬ হাজারেরও বেশি পরিষেবা দেওয়া হয়েছে। যাত্রীদের যাতায়াত সহজ করতে মোট ২,০৭৫টি মেলা স্পেশাল ট্রেনের ট্রিপ চালানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত