
আহমেদাবাদ, ৩১ আগস্ট (হি.স.):সোমবার বোমা হামলার হুমকি পাওয়ার পর সৌদি আরবের দাম্মাম থেকে নয়াদিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানকে আহমেদাবাদের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
হুমকি পাওয়ার পর বিমানটিকে দ্রুত আহমেদাবাদের দিকে ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দরে নিরাপদে অবতরণের পর সেটিকে আইসোলেশন বে-তে রাখা হয়। বিমানে থাকা ৩২ জন যাত্রীকে নিরাপদে নামিয়ে বিশেষ বাসে করে বিমানবন্দরের টার্মিনাল-২-এ নিয়ে যাওয়া হয়।
ঘটনার খবর পেয়ে বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা সংস্থাগুলি সতর্ক হয়ে যায়। ঘটনাস্থলে দমকলের তিনটি গাড়ি, পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াডের (বিডিডিএস) সদস্যরা পৌঁছন। বিমানটির পাশাপাশি যাত্রীদের লাগেজ ও কার্গো এলাকাতেও তল্লাশি চালানো হয়।
পুলিশ জানিয়েছে, বিমানের বাথরুমে এক ক্রু সদস্য কাগজের একটি টুকরো দেখতে পান। সেখানে ‘বোমা’ লেখা ছিল। এরপর নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী দ্রুত পদক্ষেপ করা হয় এবং বিমানটিকে আহমেদাবাদে জরুরি অবতরণ করানো হয়।
প্রাথমিক তদন্তে বিমানে আর কোনও সন্দেহজনক বা আপত্তিকর বস্তু পাওয়া যায়নি। তবে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি। কে বা কারা, কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছিল, তা জানতে সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আপাতত সব যাত্রীকে নিরাপদে টার্মিনাল-২-এ রাখা হয়েছে। বিমানে তল্লাশি এখনও চলছে। ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য