
বারাণসী, ৩১ আগস্ট (হি.স.): টানা প্রবল বর্ষণে বারাণসীতে গঙ্গা নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। সোমবার দেখা গেছে, এখানের ৮৪টি ঘাটের প্রায় পুরোটাই জলের তলায়। শুধু ঘাটই নয়, গঙ্গার জল উপচে পড়ায় জলমগ্ন বেশ কিছু নিচু এলাকা। জল জমে বিপত্তি দেখা দিয়েছে শহরজুড়ে। অবস্থা এমনই যে পুলিশ কমিশনারেট কার্যালয়ের ভেতরেও জল ঢুকে গেছে।
প্রশাসন সূত্রে খবর, গঙ্গায় জলস্তর ৬৯.৪০ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। উল্লেখ্য, বারাণসীতে গঙ্গার সতর্কীকরণ স্তর ৭০.২৬২ মিটার এবং বিপদসীমার স্তর ৭১.২৬ মিটার। ফলে, জল যেভাবে হু হু করে বাড়ছে, তাতে প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে। জলস্তর বৃদ্ধির কারণে অধিকাংশ ঘাটের মধ্যে যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও বারাণসীর পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ