
নয়াদিল্লি, ৩১ আগস্ট (হি.স.): দিল্লি পরিবহণ নিগমের (ডিটিসি) বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের জন্য চালু থাকা কাগজের ‘পিঙ্ক টিকিট’ ব্যবস্থা আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হল। ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’ ব্যবস্থায় সহজে পরিবর্তন এবং আসন্ন উৎসবের সময়ে মহিলা যাত্রীদের যাতে কোনও সমস্যায় পড়তে না হয়, সে জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার পরিবহণমন্ত্রী ড. পঙ্কজ কুমার সিং জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মহিলারা পিঙ্ক টিকিটের মাধ্যমে বিনামূল্যে বাসযাত্রার সুবিধা পাবেন। এরপর বিনামূল্যে যাতায়াতের সুবিধার জন্য ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’ ব্যবস্থা পুরোপুরি কার্যকর করা হবে।
মন্ত্রী জানান, জন্মাষ্টমী, তিজ, গণেশ চতুর্থী-সহ একাধিক উৎসবের সময়ে মহিলা ও পরিবারের সদস্যদের যাতায়াত বাড়ে। তাই এই সময়ে পিঙ্ক টিকিটের সুবিধা চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং ওই দিন থেকেই ১৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ‘সেবা পক্ষ’ পালন শুরু হবে। ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’ ব্যবস্থায় মহিলাদের সাড়া নিয়েও সন্তোষ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, এখনও পর্যন্ত প্রায় ১৯ লক্ষ মহিলা পিঙ্ক কার্ডের জন্য রেজিস্ট্রেশন করেছেন।
পরিবহণমন্ত্রী স্পষ্ট করে জানান, ১৭ সেপ্টেম্বরের পরেও কার্ডের রেজিস্ট্রেশন এবং তা তৈরির প্রক্রিয়া বন্ধ হবে না। মহিলারা ডিপো ও বাস টার্মিনাল সেন্টারে নির্দিষ্ট জায়গা থেকে ‘পিঙ্ক সহেলি স্মার্ট কার্ড’ তৈরি করাতে পারবেন।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য