ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ, বলাইচকে নতুন কাঠের ব্রিজ নির্মাণের কাজ শুরু
আরামবাগ , ৩১ আগস্ট (হি.স.): ভোটের আগে গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের বলাইচক গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে নতুন কাঠের ব্র
প্রতিশ্রুতি মতো নির্মাণ হচ্ছে কাঠের ব্রিজ


আরামবাগ , ৩১ আগস্ট (হি.স.): ভোটের আগে গ্রামবাসীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে আরও এক ধাপ এগোলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। আরান্ডি-১ গ্রাম পঞ্চায়েতের বলাইচক গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যার কথা মাথায় রেখে নতুন কাঠের ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়েছে।

বর্ষার কারণে কিছুদিন নির্মাণকাজ ব্যাহত হলেও ফের নতুন করে কাজ শুরু হয়েছে। সোমবার নির্মীয়মাণ ব্রিজের কাজ সরেজমিনে পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ। সেখানে তিনি নির্মাণকাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং দ্রুত ও সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ব্রিজটি নিয়ে সমস্যায় পড়তে হচ্ছিল গ্রামবাসীদের। বিশেষ করে বর্ষার সময় যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ আরও বেড়ে যায়। নতুন ব্রিজ তৈরি হলে এলাকার মানুষের যাতায়াত অনেকটাই সহজ ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

বিধায়ক হেমন্ত বাগ জানান, মানুষের সমস্যা ও দাবি পূরণ করাই তাঁর অন্যতম প্রধান লক্ষ্য। ভোটের আগে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ধাপে ধাপে সেই প্রতিশ্রুতিগুলি বাস্তবায়নের কাজ চলছে। গ্রামবাসীদের স্বার্থে জনসেবামূলক এই কাজ আগামী দিনেও অব্যাহত থাকবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande