
গণ্ডাছড়া (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : ধলাই জেলার গণ্ডাছড়ায় সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রবিবার সন্ধ্যায় বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদীর জল থেকে দুর্গন্ধ ছড়ানো অবস্থায় মৃতদেহটি দেখতে পান স্থানীয়রা। সোমবার সংবাদ লেখা পর্যন্ত মৃতদেহটির কোনও দাবিদার বা পরিচয় জানা যায়নি। বর্তমানে মরদেহটি গণ্ডাছড়া মহকুমা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সোমবার স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার দিকে বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদীতে পথচারীদের নজরে আসে জলে একটি বস্তু ভাসছে। কাছাকাছি যেতেই সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হতে দেখা যায়। বিষয়টি জানাজানি হতেই এলাকায় কৌতূহলী মানুষের ভিড় জমে যায়। পরে খবর দেওয়া হয় গণ্ডাছড়া থানায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদীতে ভাসমান বস্তুটি পরীক্ষা করে। দীর্ঘক্ষণ পরিশ্রমের পর রবিবার রাত প্রায় ১০টা নাগাদ নদী থেকে একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, মৃতদেহটি একটি বস্তার মধ্যে মোড়ানো ছিল। ওই বস্তার সঙ্গে কয়েকটি ইট বাঁধা অবস্থায় পাওয়া যায়।
এদিকে মৃতদেহ উদ্ধারের পর থেকেই ঘটনাকে ঘিরে এলাকায় নানা প্রশ্ন দেখা দিয়েছে। বস্তার সঙ্গে ইট বাঁধা থাকার বিষয়টি বিশেষভাবে ভাবিয়ে তুলেছে স্থানীয়দের। তাঁদের একাংশের অভিযোগ, এটি স্বাভাবিক মৃত্যু নয়; পরিকল্পিতভাবে হত্যার পর মৃতদেহটি নদীতে ফেলে দেওয়ার ঘটনা হতে পারে। তবে পুলিশের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
মৃতদেহটিতে ইতিমধ্যেই পচন ধরে যাওয়ায় পরিচয় শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। স্থানীয়ভাবে খোঁজখবর চালিয়েও সোমবার পর্যন্ত মৃত ব্যক্তির কোনও আত্মীয়স্বজন বা দাবিদারের সন্ধান পাওয়া যায়নি। ফলে উদ্ধার হওয়া মরদেহটি এখনও বেওয়ারিশ অবস্থায় রয়েছে।
স্থানীয়দের একাংশের ধারণা, মৃত ব্যক্তি গণ্ডাছড়া মহকুমার বাসিন্দা নাও হতে পারেন। তবে এই বিষয়ে এখনও কোনও সরকারি নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
পুলিশ মৃতদেহটি উদ্ধার করে গণ্ডাছড়া হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ফরেন্সিক টিম ঘটনাস্থল ও মৃতদেহ পরীক্ষা করার পর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করবে বলে জানা গেছে। এরপর ময়নাতদন্ত করা হলে মৃত্যুর প্রকৃত কারণ এবং মৃতদেহটি কীভাবে নদীতে এল, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
ঘটনাটিকে কেন্দ্র করে গণ্ডাছড়া এলাকায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করার পাশাপাশি ঘটনার পেছনে কোনও অপরাধমূলক যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। তদন্তের অগ্রগতির দিকেই এখন তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ