
ধর্মনগর (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : উত্তর ত্রিপুরার ধর্মনগর জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন ঘাটতি দূর করার দাবিতে সরব হলো ধর্মনগর ব্লক কংগ্রেস কমিটি। সোমবার ছয় দফা দাবিতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে গণডেপুটেশন প্রদান করেন কংগ্রেসের নেতা-কর্মীরা।
কংগ্রেসের অভিযোগ, উত্তর ত্রিপুরার বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসার অন্যতম প্রধান ভরসা ধর্মনগর জেলা হাসপাতাল। প্রতিদিন বহু রোগী এই হাসপাতালের উপর নির্ভরশীল হলেও চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ানের ঘাটতির কারণে পরিষেবা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগীদের চিকিৎসার ক্ষেত্রে আইসিইউ পরিষেবা না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে রোগী ও তাঁদের পরিবারের সদস্যদের।
এদিন কংগ্রেসের পক্ষ থেকে অবিলম্বে হাসপাতালের আইসিইউ চালু করার দাবি জানানো হয়। পাশাপাশি শিশু চিকিৎসকসহ পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক নিয়োগের দাবিও তোলা হয়। হাসপাতালের বিভিন্ন বিভাগে প্রয়োজন অনুযায়ী নার্স, স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ান নিয়োগের উপরও গুরুত্ব দেওয়া হয়।
হাসপাতালে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সামগ্রী সরবরাহ নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসা পরিষেবা কার্যকর করার দাবিও জানানো হয়েছে। একইসঙ্গে রোগীদের জরুরি প্রয়োজনে দ্রুত স্থানান্তরের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা আরও কার্যকর করার দাবি জানায় কংগ্রেস।
কংগ্রেস নেতৃত্বের দাবি, শুধু চিকিৎসক নিয়োগ করলেই সমস্যার সমাধান হবে না, হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোরও উন্নয়ন করতে হবে। সাধারণ মানুষের স্বার্থে ধর্মনগর জেলা হাসপাতালের পরিষেবা আরও উন্নত ও আধুনিক করার জন্য প্রশাসনকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।
ছয় দফা দাবির মধ্যে রয়েছে—অবিলম্বে আইসিইউ চালু, শিশু চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, নার্স-স্বাস্থ্যকর্মী ও টেকনিশিয়ান নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ, ২৪ ঘণ্টা জরুরি ও অ্যাম্বুলেন্স পরিষেবা কার্যকর করা এবং হাসপাতালের সামগ্রিক পরিকাঠামোর উন্নয়ন।
কংগ্রেস নেতৃত্ব জানিয়েছে, সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করার দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবে। দ্রুত দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ