
উদয়পুর (ত্রিপুরা), ৩১ আগস্ট (হি.স.) : আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরদের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া নিয়ে গোমতী জেলা শিক্ষা দফতরে ডেপুটেশন প্রদান করল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের গোমতী জেলা কমিটি। সোমবার উদয়পুর ডাকবাংলো রোডস্থিত গোমতী জেলা শিক্ষা দফতরের কার্যালয়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিএমএস-এর অধীনস্থ সংগঠনটির পক্ষ থেকে আইসিটি শিক্ষকদের প্রতি বিমাতৃসুলভ আচরণের অভিযোগ তুলে একাধিক দাবিসম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
জেলা শিক্ষা আধিকারিক এদিন কার্যালয়ে উপস্থিত না থাকায় দফতরের অন্যান্য আধিকারিকদের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষক সংঘের গোমতী জেলা সভাপতি সুব্রত সাহা-সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
সংগঠনের গোমতী জেলা সভাপতি সুব্রত সাহা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রাজ্যের আইসিটি ইনস্ট্রাক্টররা নানা সমস্যার মধ্য দিয়ে কাজ করে চলেছেন। অন্যতম সমস্যা হল তুলনামূলকভাবে কম বেতন, বেতন প্রদানে অনিয়ম, দীর্ঘদিন ধরে বেতন কাঠামো বৃদ্ধি না হওয়া এবং তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে কর্মসংস্থান পরিচালনা। এর পাশাপাশি চাকরির ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা রয়েছে বলে দাবি করেন তিনি।
তাঁদের বক্তব্য, বর্তমান সময়ে বিদ্যালয়গুলিতে ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রসারে আইসিটি ইনস্ট্রাক্টরদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছাত্রছাত্রীদের কম্পিউটার শিক্ষা, ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এবং বিদ্যালয়ের বিভিন্ন প্রযুক্তিনির্ভর শিক্ষামূলক কার্যক্রমে তাঁরা নিয়মিত পরিষেবা দিয়ে আসছেন। কিন্তু সেই অনুপাতে তাঁদের কর্মপরিবেশ, বেতন কাঠামো এবং চাকরির নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাচ্ছে না বলে অভিযোগ সংগঠনের।
ডেপুটেশনে কেন্দ্রীয় নির্দেশিকা অনুযায়ী আইসিটি শিক্ষকদের বেতন বৃদ্ধি, নির্দিষ্ট ও স্বচ্ছ পদ্ধতিতে সময়মতো বেতন প্রদান, বেতন কাঠামোর পুনর্বিন্যাস এবং কর্মীদের ভবিষ্যৎ সুরক্ষার দাবি জানানো হয়। পাশাপাশি বিদ্যালয়গুলিতে ডিজিটাল শিক্ষার পরিকাঠামো আরও উন্নত করার বিষয়েও শিক্ষা দফতরের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
সংগঠনের আরও দাবি, তৃতীয় পক্ষের এজেন্সির মাধ্যমে আইসিটি শিক্ষকদের কর্মসংস্থান পরিচালনার ফলে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরেই চাকরির নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তাই এই ব্যবস্থার পরিবর্তন করে আইসিটি ইনস্ট্রাক্টরদের ভবিষ্যৎ কর্মসংস্থান সুনিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এদিন সংগঠনের পক্ষ থেকে শিক্ষা দফতরের কাছে দ্রুত সমস্যাগুলি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়। আইসিটি ইনস্ট্রাক্টরদের দাবি পূরণে দফতর ইতিবাচক পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন সংগঠনের নেতৃত্ব।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ