সুদীপের বহিষ্কার ঘিরে কংগ্রেসের তোপ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি
আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে একদিনের জন্য বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষো
সাংবাদিক সম্মেলনে পিসিসি সভাপতি


আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে একদিনের জন্য বহিষ্কারের ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিধায়ককে বহিষ্কারের প্রতিবাদে সোমবার আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে তীব্র ক্ষোভ প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। দলের প্রদেশ সভাপতি আশিস কুমার সাহা এই বহিষ্কারকে ‘অন্যায়’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে অভিযোগ করেন। একই সঙ্গে প্রয়াত ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা নিয়ে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার পদত্যাগও দাবি করেন তিনি।

সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা বলেন, বিধানসভায় সুদীপ রায় বর্মন এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছিলেন, যার সঙ্গে রাজ্যের প্রাক্তন ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর তদন্ত সরাসরি সম্পর্কিত। তাঁর বক্তব্য, একটি কথিত সুইসাইড নোটের বিষয় কেন গোপন রাখা হয়েছিল, তদন্তের ক্ষেত্রে কোথাও কোনও গাফিলতি হয়েছে কি না এবং মৃত্যুর নেপথ্যে কোনও ধরনের চাপ, প্ররোচনা কিংবা অন্য কোনও কারণ ছিল কি না—এসব প্রশ্নের নিরপেক্ষভাবে তদন্ত হওয়া প্রয়োজন।

প্রদেশ কংগ্রেস সভাপতির অভিযোগ, জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে সুদীপ রায় বর্মন বিধানসভায় এই প্রশ্নগুলি তুলে সরকারের কাছে জবাবদিহি দাবি করেছিলেন। কিন্তু সেই প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে তাঁকেই দিনের জন্য বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। তাঁর দাবি, এটি গণতান্ত্রিক অধিকার খর্ব করার শামিল এবং বিরোধী কণ্ঠস্বরকে দমন করার একটি প্রচেষ্টা।

আশিস কুমার সাহা আরও বলেন, অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে দেখার সুযোগ নেই। একজন পুলিশ মহানির্দেশকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় যদি কোনও প্রশ্ন বা সন্দেহ থেকে থাকে, তাহলে প্রতিটি বিষয় খতিয়ে দেখা তদন্তকারী সংস্থার দায়িত্ব। কথিত সুইসাইড নোটের বিষয়, মৃত্যুর আগে বা পরে কোনও চাপ ছিল কি না এবং তদন্তের প্রতিটি ধাপ যথাযথভাবে সম্পন্ন হয়েছে কি না—এসব বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন বলে দাবি করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রী ডাঃ সাহার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। তাঁর অভিযোগ, অনুরাগ ধ্যানকরের মৃত্যুর ঘটনায় সরকারের অবস্থান ও ভূমিকা নিয়ে যে প্রশ্নগুলি উঠছে, তার স্বচ্ছ জবাব রাজ্যবাসীর সামনে দেওয়া প্রয়োজন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিও তোলেন তিনি।

বিধানসভা থেকে বহিষ্কৃত কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের পাশে দল সম্পূর্ণভাবে রয়েছে বলেও স্পষ্ট বার্তা দেন আশিস কুমার সাহা। তিনি বলেন, বিধানসভায় গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে প্রশ্ন তোলার কারণে একজন বিধায়ককে বহিষ্কার করা কোনওভাবেই মেনে নেওয়া হবে না। প্রয়াত ডিজিপি-র মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটন এবং নিরপেক্ষ তদন্তের দাবিতে আগামী দিনে দল আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেও ঘোষণা করেন তিনি।

এদিকে, সুদীপ রায় বর্মনের বহিঃষ্কারকে কেন্দ্র করে কংগ্রেসের এই সরব অবস্থানকে ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। একদিকে বিধানসভার ভিতরে ঘটনার প্রতিবাদ, অন্যদিকে বাইরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ— দুই ক্ষেত্রেই কংগ্রেস বিষয়টিকে রাজনৈতিকভাবে সামনে নিয়ে আসার প্রস্তুতি নিচ্ছে বলে মনে করা হচ্ছে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগামী দিনে কী ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়, এখন সেদিকেই নজর রাজনৈতিক মহলের।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande