বুদ্ধমন্দিরের পাশে প্রকাশ্য দিবালোকে ছাত্রীর গলার সোনার চেইন ছিনতাই, গ্রেফতার অটোচালক
আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : রাজধানী আগরতলায় ফের প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় জনৈক ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তি পেশায় ইলেকট্রিক অ
অটো চালক গ্রেফতার


আগরতলা, ৩১ আগস্ট (হি.স.) : রাজধানী আগরতলায় ফের প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায় জনৈক ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনসিসি থানার পুলিশ। ধৃত ব্যক্তি পেশায় ইলেকট্রিক অটোচালক। ঘটনায় জড়িত আরও দুই অভিযুক্ত বর্তমানে পলাতক। তাঁদের কাছেই ছিনতাই হওয়া স্বর্ণের চেইন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। পলাতকদের গ্রেফতার এবং চেইন উদ্ধারে তদন্ত জারি রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার প্রকাশ্য দিবালোকে ঘটনাটি ঘটে রাজধানীর বুদ্ধমন্দির সংলগ্ন এলাকায়। জনৈক ছাত্রী অপর এক ছাত্রীর সঙ্গে বাড়ি থেকে শান্তিকামি সংঘের পেছনের রাস্তা দিয়ে বুদ্ধমন্দিরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ইলেকট্রিক অটোতে করে চালক-সহ তিন যুবক সেখানে আসে। অভিযোগ, তারা দুই ছাত্রীর পথ আটকে দেয়। এরপর কিছু বুঝে ওঠার আগেই ওই ছাত্রীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনার পর মুহূর্তের মধ্যেই ইলেকট্রিক অটো নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তাঁরা।

প্রকাশ্য রাস্তায় এমন ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এনসিসি থানার পুলিশ এবং অভয়নগর ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থল ও আশপাশের এলাকার বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছিনতাইয়ে ব্যবহৃত ইলেকট্রিক অটোটিকে শনাক্ত করার পাশাপাশি তার নম্বরও হাতে পায় পুলিশ।

এরপর অটোর নম্বরের সূত্র ধরে রবিবার বিকেলে বিটারবন এলাকা থেকে অটোচালককে গ্রেফতার করা হয়। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত ইলেকট্রিক অটোটিও পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এদিন এনসিসি থানার এসডিপিও ঘটনার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিনজনের মধ্যে একজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তবে এখনও পর্যন্ত ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধার করা যায়নি। কারণ ঘটনায় জড়িত অপর দুই অভিযুক্ত বর্তমানে পলাতক রয়েছে এবং তাদের কাছেই ওই স্বর্ণের চেইন রয়েছে বলে তদন্তে জানা গেছে।

ধৃত অভিযুক্তকে সোমবার পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছেন এসডিপিও। পাশাপাশি পলাতক অপর দুই অভিযুক্তকেও দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। তাঁদের গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া স্বর্ণের চেইন উদ্ধারের জন্যও পুলিশ তৎপরতা চালাচ্ছে।

এদিকে, আসন্ন পুজোকে সামনে রেখে রাজধানীতে চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কার্যকলাপ রুখতে পুলিশের নজরদারি আরও জোরদার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এনসিসি থানার এসডিপিও জানান, থানা এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা প্রতিরোধে নিয়মিত টহলদারি বাড়ানো হয়েছে। গত এক পক্ষকালের মধ্যে এই থানা এলাকায় বিভিন্ন ঘটনায় মোট ১৮ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পুজোর মরশুমে রাজধানীতে মানুষের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে ছিনতাই ও চুরির মতো অপরাধ ঠেকাতে পুলিশের টহল ও অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি। তবে বুদ্ধমন্দির সংলগ্ন ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এলাকাবাসীর মধ্যে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande