
আসানসোল, ১৪ সেপ্টেম্বর (হি.স.):- দীর্ঘদিনের বকেয়া বিল অবিলম্বে পরিশোধের দাবিতে আসানসোলের ইসমাইল পিএইচই দফতরের সামনে সোমবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন জনস্বাস্থ্য কারিগরি দফতর (পিএইচই)-এর ঠিকাদাররা। আন্দোলনরত ঠিকাদারদের অভিযোগ, জল জীবন মিশন-সহ একাধিক প্রকল্পের কাজ সম্পন্ন করার পরও তাঁদের বিলের টাকা দীর্ঘদিন ধরে বকেয়া রয়েছে। বারবার আবেদন ও সংশ্লিষ্ট দফতরের সঙ্গে যোগাযোগ করেও সমস্যার সমাধান হয়নি বলে তাঁদের দাবি।
ঠিকাদারদের বক্তব্য, সামনেই দুর্গাপুজো। এই পরিস্থিতিতে দ্রুত বকেয়া বিল পরিশোধ না হলে তাঁদের চরম আর্থিক সমস্যার মধ্যে পড়তে হবে। দীর্ঘদিন ধরে টাকা আটকে থাকায় শ্রমিকদের পারিশ্রমিক দেওয়া, নির্মাণসামগ্রীর খরচ মেটানো এবং অন্যান্য আর্থিক দায়বদ্ধতা পূরণ করতেও সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ তাঁদের।
আন্দোলনকারীদের দাবি, দ্রুত সমস্ত বকেয়া বিল মিটিয়ে দিতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
অন্যদিকে, বিষয়টি নিয়ে পিএইচই দফতরের এক আধিকারিক জানান, ঠিকাদারদের বকেয়া বিল সংক্রান্ত বিষয়টি ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঠিকাদারদের সমস্যার কথা বিবেচনা করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়