
হুগলি , ১৪সেপ্টেম্বর (হি.
স.) : গ্রাম বাংলায় গণস্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার অন্যতম কারিগর আশা কর্মীদের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় যোগ দিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী তথা বলাগরের বিধায়িকা সুমনা সরকার। সোমবারে জিরাট নেতাজি সুভাষচন্দ্র বোস সেবা কেন্দ্রে এই বিশেষ সভার আয়োজন করা হয়।
গ্রামাঞ্চলের সাধারণ মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিতে আশা কর্মীদের নিরলস পরিশ্রম, আন্তরিকতা ও পেশাগত দায়বদ্ধতার ভূয়সী প্রশংসা করেন মন্ত্রী। সাধারণ মানুষের সঙ্গে একেবারে নিচু স্তরে তাঁদের সরাসরি নিবিড় যোগাযোগ স্থাপন এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে তাঁদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েও সভায় ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
এদিনের অনুষ্ঠানে আশা কর্মীদের দৈনন্দিন কাজকর্মের পরিধি, কাজের ক্ষেত্রে নানা বাস্তব অভিজ্ঞতা এবং সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে তাঁদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন মন্ত্রী সুমনা সরকার। সাধারণ মানুষের পাশে থেকে আগামী দিনে আরও সুসংগঠিত ও কার্যকরভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত আশা কর্মীরাও।
আশা কর্মীদের কাজের প্রতি শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী সুমনা সরকার তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আগামী দিনগুলিতেও গ্রামীণ স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে আশা কর্মীদের সঙ্গে নিরবচ্ছিন্ন সমন্বয় বজায় রেখে কাজ করে যাওয়ার স্পষ্ট বার্তা দেন তিনি।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA