
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) :
এই রাজ্যের গণপরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং বাস মালিকদের বিভিন্ন জট ও সমস্যা সমাধানের লক্ষ্যে সোমবারে ময়দান টেন্ট অফিসে পরপর দু’টি গুরুত্বপূর্ণ বৈঠক করলেন রাজ্যের পরিবহণমন্ত্রী। প্রথম বৈঠকে পরিবহণ দফতরের প্রধান সচিব এবং পাঁচটি স্টেট ট্রান্সপোর্ট আন্ডারটেকিং (STU)-এর ভারপ্রাপ্ত শীর্ষ আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে, এদিনের দ্বিতীয় বৈঠকে অংশ নেন বিভিন্ন বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা। সেখানে পরিবহণ দফতর ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের (NHAI) আধিকারিকেরা উপস্থিত ছিলেন।
প্রথম বৈঠকে রাজ্য পরিচালিত STU-গুলির বর্তমান আর্থিক পরিস্থিতি, সরকারি আর্থিক সহায়তার প্রয়োজন, যাত্রী পরিষেবার মানোন্নয়ন এবং পরিচালনগত দক্ষতা বৃদ্ধি নিয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। সংস্থার আয় বাড়াতে সম্পদের যথাযথ ব্যবহার, পিপিপি (PPP) মডেলে অব্যবহৃত সম্পদ কাজে লাগানো এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে স্ক্র্যাপ নিষ্পত্তির ওপর বিশেষ জোর দেন পরিবহণমন্ত্রী অর্জুন সিং।
অন্যদিকে, বেসরকারি বাস মালিক সংগঠনের প্রতিনিধিরা টোলের অতিরিক্ত খরচ, ফাস্ট্যাগ (FASTag) ও অনলাইন টোল পেমেন্ট সংক্রান্ত জটিলতা, পুলিশের হয়রানির অভিযোগ, নির্বাচনী ডিউটিতে নেওয়া বাসের বকেয়া মেটানো এবং বকেয়া মোটর ভেহিক্লস ট্যাক্সের ওপর সুদের জরিমানা মকুবের জোরালো দাবি জানান।
মালিকদের পেশ করা দাবির ভিত্তিতে টোল সংক্রান্ত জটিলতা সমাধানে জাতীয় সড়ক কর্তৃপক্ষকে (NHAI) আগামী এক সপ্তাহের মধ্যে বাস্তবসম্মত প্রস্তাব জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনী কাজের বকেয়া মেটানো এবং করের জরিমানা মকুবের আইনি সম্ভাবনা খতিয়ে দেখার নির্দেশ দেন মন্ত্রী। একই সাথে আসন্ন দুর্গাপুজোর মরসুমে রাজ্যজুড়ে নিরবচ্ছিন্ন ও মসৃণ বাস পরিষেবা বজায় রাখতে বাস মালিক সংগঠনগুলির সার্বিক সহযোগিতা কামনা করেছেন তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত