
নওয়াদা, ১৪ সেপ্টেম্বর (হি.স.): বিহারে নওয়াদা জেলার রজৌলি থানা এলাকার ফুলওয়ারিয়া বাঁধের কাছে সোমবার অভিযান চালিয়ে এক যুবককে গ্রেফতার করেছে আবগারি দফতর। তাঁর কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোট ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার হয়েছে। গ্রেফতার যুবকের নাম মহেশ কুমার। তিনি সিমরকোল গ্রামের বাসিন্দা।
সোমবার আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফুলওয়ারিয়া বাঁধের কাছে যানবাহনে তল্লাশি শুরু করে আবগারি দফতরের দল। তদন্ত চৌকি ইনচার্জ তথা আবগারি পরিদর্শক অমৃত কুমার গুপ্তের নেতৃত্বে এই অভিযান চালানো হয়। সেই সময় মদ নিয়ে বাইকে করে যাওয়া মহেশকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বাইক থেকে বিদেশি মদের বোতলগুলি উদ্ধার হয়।
জিজ্ঞাসাবাদে মহেশ আবগারি দফতরকে জানিয়েছেন, ঝাড়খণ্ডের কোডারমা এলাকা থেকে মদ নিয়ে রজৌলির জঙ্গল এলাকার রাস্তা দিয়ে সিমরকোলে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
আবগারি দফতরের সুপারিনটেনডেন্ট গণেশ চন্দ্র জানিয়েছেন, বিহার-ঝাড়খণ্ড সীমান্তে মদ পাচার রুখতে নিয়মিত তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রধান সড়কের পাশাপাশি বিকল্প পথগুলিতেও নজরদারি বাড়ানো হয়েছে। মদ পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলেও জানান তিনি।
আবগারি দফতর জানিয়েছে, গ্রেফতার যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষার পর তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস