
বলরামপুর, ১৪ সেপ্টেম্বর (হি.স.): উত্তর প্রদেশের তুলসীপুরে সোমবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনায় তাঁর ভাইপো ঝলসে আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মৃতদেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে।
সোমবার তুলসীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুধীর কুমার সিং জানিয়েছেন, পরিবারের সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, তুলসীপুরের মধ্যনগরী গ্রামের বাসিন্দা ৪০ বছর বয়সি ধনীরাম সোমবার সকাল ৯টা নাগাদ ভাইপো শিবার সঙ্গে গ্রামের কাছে কাইমা নালার পাশে নিজেদের জমিতে সেচের কাজে যান। দুপুর ১টা নাগাদ আচমকা সেখানে প্রবল বজ্রপাত হয়। বজ্রপাতে কাকা-ভাইপো দু’জনেই ঝলসে যান।
পরিবারের সদস্যরা দু’জনকে দ্রুত তুলসীপুরের কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা ধনীরামকে মৃত ঘোষণা করেন। আহত শিবার চিকিৎসা শুরু হয়। স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক সুজিত জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ধনীরামের মৃত্যু হয়েছিল। বর্তমানে শিবার অবস্থা আশঙ্কামুক্ত।পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার বিষয়ে পরবর্তী তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস