
কলকাতা, ১৪ সেপ্টেম্বর (হি. স.) : গণেশ চতুর্থী উপলক্ষে সোমবারে সোশ্যাল মিডিয়া মারফৎ রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে নিজের বার্তা ব্যক্ত করে তিনি লিখেছেন, ।। ওঁ শ্রী গণেশায় নমঃ।। গণেশ চতুর্থী উপলক্ষে সকলকে জানাই শুভেচ্ছা। গণপতির স্নেহাশিসে সকলের আগামী দিনগুলি হয়ে উঠুক আলোকোজ্জ্বল।
উল্লেখ্য, গণেশ চতুর্থী হিন্দু ধর্মের একটি অন্যতম প্রধান উৎসব, যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব হিসেবেই পালিত হয়ে থাকে। এই উৎসবটি বিনায়ক চতুর্থী অথবা 'বিনায়ক চবিথি' নামেও পরিচিত। বাড়িতে ও জনসমক্ষে সাময়িক মণ্ডপে গণেশের প্রতিমা স্থাপন, বৈদিক স্তোত্র পাঠ, উপবাস, পূজা এবং প্রসাদ বিতরণই এই উৎসবের মূল বৈশিষ্ট্য। বিশেষত মোদক এই উৎসবে নৈবেদ্য হিসেবে প্রদান করা হয়। টানা ১০ দিন ধরে চলার পর অনন্ত চতুর্দশীতে নদী, সমুদ্র বা অন্যান্য জলাশয়ে প্রতিমা বিসর্জনের মাধ্যমে এই উৎসবের সমাপ্তি ঘটে। পরিসংখ্যানে প্রকাশ, কেবল মুম্বাই শহরেই প্রতি বছর প্রায় দেড় লক্ষ প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত