
কাঁকের, ১৪ সেপ্টেম্বর (হি.স.) : ছত্তিশগড়ে কাঁকের জেলার অন্তাগড় থানা এলাকায় এসএসবি শিবিরে নিজের সার্ভিস রাইফেলের গুলিতে এক জওয়ানের মৃত্যু হয়েছে। মৃতের নাম আনন্দ প্রকাশ তিওয়ারি। তিনি উত্তর প্রদেশের বাসিন্দা ছিলেন এবং কুহচে গ্রামের এসএসবি শিবিরে হাবিলদার পদে কর্মরত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে শিবিরের মধ্যেই নিজের সার্ভিস রাইফেল দিয়ে নিজেকে গুলি করেন আনন্দ প্রকাশ তিওয়ারি। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়ে এসএসবির উচ্চপদস্থ আধিকারিক এবং স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। কী কারণে জওয়ান এই পদক্ষেপ করলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার কারণ জানতে ফরেন্সিক দলের সাহায্য নেওয়া হচ্ছে। তদন্তে উঠে আসা তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে।
সোমবার কাঁকেরের পুলিশ সুপার নিখিল রাখেচা জানান, এসএসবি শিবির থেকে জওয়ানের মৃত্যুর খবর পাওয়া যায়। খবর পেয়ে অন্তাগড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তদন্তে যে তথ্য সামনে আসবে, তার ভিত্তিতেই পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস