
আরামবাগ , ১৪ সেপ্টেম্বর (হি.স.) : জনকল্যাণমূলক কাজের ধারাবাহিকতা বজায় রেখে সোমবার পুরশুড়া বিধানসভার বিধায়ক তহবিল থেকে খানাকুল-১ ব্লকের বিভিন্ন এলাকায় ১৪টি হাই মাস্ট লাইট এবং ২টি জলছত্র প্রকল্পের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ।
রামমোহন-১, রামমোহন-২, অরুণ্ডা, বালিপুর এবং তাঁতিশাল গ্রাম পঞ্চায়েতের নানা প্রান্তে এই প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রাকে আরও নিরাপদ, আলোকিত ও স্বচ্ছন্দ করে তুলতেই এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে।
বিশেষ করে গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল এলাকায় হাই মাস্ট লাইট স্থাপনের ফলে নৈশকালে পথচলতি মানুষ ও স্থানীয় অধিবাসীদের যাতায়াতে নিরাপত্তা নিশ্চিত হবে। পাশাপাশি জলছত্র প্রকল্পের মাধ্যমে সাধারণ পথচারী ও স্থানীয় মানুষের জন্য বিশুদ্ধ পানীয় জলের যোগান সুনিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিধায়ক বিমান ঘোষ জানান, সাধারণ মানুষের বাস্তব প্রয়োজন এবং সামগ্রিক এলাকার উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দিয়েই বিধায়ক তহবিলের অর্থ ব্যবহার করে একাধিক প্রকল্প রূপায়িত করা হচ্ছে। আগামী দিনেও জনস্বার্থে এই উন্নয়নের ধারাবাহিক ধারাকে আরও দ্রুতগতিতে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি।
সামগ্রিক নগর ও গ্রামীণ উন্নয়নকে সামনে রেখে পুরশুড়া বিধানসভা কেন্দ্রকে একটি আদর্শ এলাকায় পরিণত করার লক্ষ্যে এই ধরণের একাধিক কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান বিধায়ক।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA