
গোসাবা, ১৫ সেপ্টেম্বর (হি. স.): সাড়া বছর ধরেই সুন্দরবনে বহু পর্যটক আসেন বেড়াতে। তাঁদের ভ্রমণ তালিকায় গোসাবা একটা অপরিহার্য নাম। এখানেই গোসাবা বাজার সংলগ্ন এলাকায় রয়েছে রবীন্দ্র স্মৃতি বিজরিত বেকন বাংলো। রয়েছে হ্যামিলটন সাহেবের বাংলো। আর এখান থেকেই কার্যত সড়ক পথে পৌঁছে যাওয়া যায় রাঙাবেলিয়া, পাখিরালয়ের মতো ভ্রমণস্থলে। ফলে সাড়া বছর ধরেই লক্ষ লক্ষ পর্যটকদের পদধূলি পরে এই গোসাবায়। কিন্তু গোসাবা বাজার ও সংলগ্ন এলাকায় বিপুল পরিমাণে আবর্জনা জমে থাকলেও তা পরিস্কারের কোনও উদ্যোগই নেওয়া হয়না বলে অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই আবর্জনা পরিস্কারের উদ্যোগ নিলেন গোসাবার বিধায়ক বিকর্ণ নস্কর। মঙ্গলবার দুপুরে পঞ্চায়েত সমিতির সভাপতি নীলিমা মণ্ডল, ব্লক প্রশাসনের আধিকারিকদের সাথে নিয়ে বিধায়ক বাজার এলাকা পরিদর্শন করেন। দ্রুত যাতে এই ময়লা আবর্জনা পরিস্কার করা হয় সে বিষয়ে ব্লক প্রশাসনকে নির্দেশ দেন বিকর্ণ। তিনি বলেন, “ বিদ্যাধরী নদীর পাড়েই অবস্থিত গোসাবা। সাড়া বছর ধরে বহু পর্যটক আসেন এখানে। কিন্তু বাজারের ময়লা, আবর্জনা যত্রতত্র ফেলা হচ্ছে। এমনকি নদীতে, স্লুইস গেটের মুখেও ফেলা হচ্ছে। দ্রুত এগুলি পরিস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদেরকেও সাবধান করা হয়েছে যাতে যত্রতত্র ময়লা, আবর্জনা তাঁরা না ফেলেন।”
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা