
হলদিয়া, ১৫ সেপ্টেম্বর (হি. স.):- নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানী রথের মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে হলদিয়ায় সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার প্রার্থী পরিচিতি সভায় বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের মানুষকে একাধিক প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি ভোট নিয়েও মন্তব্য করেন তিনি।
সভামঞ্চ থেকে শুভেন্দু অধিকারী বলেন, নন্দীগ্রামের মানুষের বিচলিত হওয়ার কোনও কারণ নেই। এলাকায় যে সমস্ত মিথ্যা মামলা রয়েছে, সেগুলি প্রত্যাহার করা হবে। পাশাপাশি নন্দীগ্রামে একগুচ্ছ উন্নয়নমূলক কাজ করা হবে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, ২০২১ সালে নন্দীগ্রামের মানুষ যে পরিষেবা পেতেন, ২০৩১ সাল পর্যন্ত সেই পরিষেবা দেওয়ার নিশ্চয়তা তিনি দিচ্ছেন।
এদিন ভোট প্রসঙ্গেও মন্তব্য করেন শুভেন্দু। তিনি বলেন, ‘‘ভোট কী ভাবে করাতে হয়, আমি জানি। এমন মার্জিনে জিতব, যা কেউ কল্পনাও করেনি।’’ সংখ্যালঘু ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামের ভোট তাঁদের জন্য পরীক্ষার সময়।
এরপর হলদিয়ার কদমতলা থেকে দলীয় কর্মীদের সঙ্গে প্রায় এক কিলোমিটার পায়ে হেঁটে হলদিয়া মহকুমা শাসকের দফতরে যান শুভেন্দু অধিকারী। সেখানে বিজেপি প্রার্থী হাসিরানী রথ মনোনয়নপত্র জমা দেন।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়