
পাটনা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বিশ্বকর্মা পুজো উপলক্ষে বিহারবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার এক্স-এ পোস্ট করে সম্রাট চৌধুরী লেখেন, পবিত্র বিশ্বকর্মা পুজো উপলক্ষে সকল বিহারবাসীকে শুভেচ্ছা। আজকের দিনটি বিশেষ, কারণ এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন। তিনি তাঁর সমগ্র জীবন দেশ ও জাতির সেবায় উৎসর্গ করেছেন। তাঁর দীর্ঘ রাষ্ট্রসেবার যাত্রাকে শ্রদ্ধা জানিয়ে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানান, ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত গোটা বিহারে ‘সেবা সংকল্প অভিযান’ চলবে। এর আওতায় ‘সেবা সেতু অভিযান’-এর মাধ্যমে সমস্ত ব্লক ও বিধানসভা এলাকায় ‘সরকার আপনার দ্বারে’ সমাধান শিবির আয়োজন করা হবে। সেখানে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া ২০২৭ সালের মার্চ পর্যন্ত ‘কায়াকল্প অভিযান’-এর মাধ্যমে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানো, পরিচ্ছন্নতা এবং সরকারি পরিষেবার গুণমান ও মানুষের কাছে তা পৌঁছনো আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।
সম্রাট চৌধুরী বলেন, বিশ্বকর্মা পুজোর দিনে একটি প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রীর সুস্থ ও সফল জীবন এবং ‘বিকশিত ভারত-সমৃদ্ধ বিহার’-এর সংকল্পকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস