
কলকাতা, ১৭ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬-তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে বিজেপির সদর দফতরে তাঁর একটি পূর্ণাবয়ব মোমের মূর্তি উন্মোচন করা হয়। সমগ্র দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গ জুড়েও প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দলের তরফে একাধিক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এরই অংশ হিসেবে সল্টলেকের সদর দফতরে বিজেপির রাজ্যসভার সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এই মোমের মূর্তিটি উন্মোচন করেন।
শমীক ভট্টাচার্য বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিগত ২৫ বছর ধরে একটানা প্রশাসনিক শীর্ষপদে থেকে দেশের গৌরব বৃদ্ধি করে চলেছেন। তিনি গুজরাটকে সঠিক দিশা দেখিয়েছেন এবং ২০১৪ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে দেশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি জানান, দলের পক্ষ থেকে এই মূর্তি তৈরির জন্য কোনও আনুষ্ঠানিক অর্ডার দেওয়া হয়নি। বিখ্যাত ভাস্কর সুশান্ত রায় মোদীজির প্রতি নিজের শ্রদ্ধার নিদর্শন হিসেবে এটি তৈরি করেছেন| এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করে রাখতে দলের হাতে তিনি এই উপহার হিসেবে তুলে দিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ