
আমেঠি, ১৭ সেপ্টেম্বর ( হি.স.): উত্তর প্রদেশের আমেঠিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সংগ্রামপুর থানার অন্তর্গত 'পুরে পতউ' গ্রামে। এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম সুরেন্দ্রনাথ যাদব (৬৫)।
এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সুরেন্দ্রনাথ ক্ষেতের কাছে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি ছিঁড়ে পড়ে থাকা বিদ্যুতের তারে স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় । দুর্ঘটনার কথা জানাজানি হতেই পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় । তবে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। বৃদ্ধের মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি বিদ্যুতের তার কিংবা খুঁটি থাকলে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক