
গুরেজ, ১৭ সেপ্টেম্বর (হি.স.): বৃহস্পতিবার উত্তর কাশ্মীরের গুরেজ উপত্যকার কাবুল গলিতে নতুন করে তুষারপাত হয়েছে। পাশাপাশি কাশ্মীরের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিও হয়েছে। দক্ষিণ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শ্রীনগরে ৮.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কাজিগুন্ড, পহেলগাঁও এবং গুলমার্গে যথাক্রমে ১৩.৪, ১৩ এবং ১৩.২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
জম্মু বিভাগের কয়েকটি এলাকাতেও ভারী বৃষ্টি হয়েছে। গত ২৪ ঘণ্টায় উধমপুরে ১১৭.৮ মিলিমিটার, জম্মুতে ১১২.৯ মিলিমিটার এবং কাটরায় ৪৫.২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, প্রায় ৪,১৬৭ মিটার উচ্চতায় অবস্থিত কাবুল গলিতে হালকা থেকে মাঝারি তুষারপাত হয়েছে। এর ফলে উঁচু পাহাড়ি গিরিপথ এবং সংলগ্ন এলাকা নতুন তুষারের চাদরে ঢেকে যায়। এই গিরিপথ গুরেজের তুলেল উপত্যকাকে লাদাখের দ্রাস সেক্টরের দিকে মুশকোহ উপত্যকার সঙ্গে যুক্ত করেছে।
তুষারপাতের কারণে এখনও পর্যন্ত বড় ধরনের কোনও সমস্যা তৈরি হয়নি। তবে উচ্চ পার্বত্য এলাকায় যাতায়াতকারী যাত্রীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়ার পরিবর্তনের জেরে গোটা অঞ্চলে তাপমাত্রা কমেছে এবং উচ্চতর এলাকাগুলিতে ঠান্ডার প্রকোপ বেড়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস