
উধমপুর, ১৭ সেপ্টেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলার ব্রাট্টল এলাকায় বৃহস্পতিবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে দুই জঙ্গি নিহত হয়েছে।
সেনাবাহিনীর হোয়াইট নাইট কোর জানিয়েছে, ব্রাট্টল এলাকায় জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়ার পর বুধবার মধ্যরাতে ‘অপারেশন সোহন’ শুরু করা হয়। প্রতিকূল আবহাওয়া, দুর্গম এলাকার মধ্যেও সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। অভিযানের সময় দুই জঙ্গি নিহত হয়।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সংঘর্ষস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অভিযান এখনও চলছে। নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে।
এর আগে বুধবার গভীর রাতে মজালতা এলাকায় সন্দেহজনক গতিবিধি নজরে আসার পর নিরাপত্তা বাহিনী গুলি চালায়। এরপর ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করা হয় এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস