
গড়িয়া ,৩ সেপ্টেম্বর (হি.স.) : অটো ও রিক্সার দখলদারিকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ ২৪ পরগণার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গঙ্গাজোয়ারা এলাকা। অভিযোগ, রাস্তায় যাত্রী তুলছিলেন এক রিক্সাচালক। সেই সময় এক অটোচালক গাড়ি লক করে হুমকি দেয়। রিক্সাচালককে হুমকি দেওয়া নিয়ে প্রতিবাদ করেন এলাকাবাসীরা। আর সেই প্রতিবাদের জেরেই শুরু হয় চরম অশান্তি। বুধবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়।
অভিযোগ, অটোচালকের পক্ষের লোকজন স্থানীয় একটি দোকানের ভেতরে ঢুকে মহিলাদের বেধড়ক মারধর করে। রাস্তায় ফেলে লাথি-ঘুসি মারা হয় তাঁদের। গুরুতর আহত দুই মহিলা বর্তমানে হাসপাতালে ভর্তি। শুধু তাই নয়, দোকানের ভেতরে এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা শাখা-পলা, ঘটনার সাক্ষী হয়ে রয়েছে প্রতিটি কোণা। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে গোটা এলাকা। সোনারপুর থেকে গঙ্গাজোয়ার রুটের অটো ঘিরে বিক্ষোভে নামে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছায় নরেন্দ্রপুর থানার পুলিশ। বর্তমানে পুরো এলাকাজুড়ে তীব্র উত্তেজনা। এদিকে আহতদের অবস্থার অবনতি হলে তাঁদেরকে বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা