
নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.) : বিক্ষোভের জেরে প্রশাসনের তরফে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মধ্যে শনিবার লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, সরকার যতই পুলিশ মোতায়েন করুক বা নেতাদের এবং যুবকদের আটক করুক না কেন, বিরোধীরা পিছিয়ে আসবে না।
রাহুল গান্ধী সমাজমাধ্যমে একটি পোস্টে বলেছেন, গত এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) বিরুদ্ধে লড়াই করে আসছেন। রাজনৈতিক বিরোধীদের কাজের ধরন তিনি ভালোভাবেই বোঝেন বলেও দাবি করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সঙ্ঘপ্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নাম উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এই সমস্ত ব্যক্তিই ধীরে ধীরে রাজনৈতিক ও গণতান্ত্রিক চাপের বৃত্তের মধ্যে চলে আসছেন।
রাহুল গান্ধী বলেন, “প্রধানমন্ত্রী মোদী, আপনি যা খুশি করুন। যত পুলিশ ডাকতে হয় ডাকুন। সমস্ত নেতা, যুবক এবং আমাদের সবাইকে গ্রেফতার করুন, কিন্তু আমরা পিছিয়ে যাব না।”
তিনি দাবি করেন, বিরোধীদের কাছে প্রয়োজনীয় তথ্য রয়েছে এবং তাঁরা যে কোনও মূল্যে দেশের সংবিধান ও জনগণের কণ্ঠস্বর রক্ষা করবেন। বিক্ষোভে অংশ নেওয়া যুবকদের প্রশংসা করে তিনি বলেন, তিনি তাঁদের পাশে রয়েছেন। সংবিধানের উপর আঘাত হানা শক্তিগুলির পরাজয় নিশ্চিত করবেন বলেও জানান তিনি।
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচনী ব্যবস্থা নিয়ে চলতে থাকা বিক্ষোভ এবং বিরোধী নেতা ও কর্মীদের আটক করার ঘটনার মধ্যেই রাহুল গান্ধীর এই বক্তব্য সামনে এসেছে। তাঁর অভিযোগ, গত এক থেকে দেড় দশকে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে যে ধরনের ছেলেখেলা করা হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। আন্দোলন আরও তীব্র করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য