
দেহরাদূন, ১০ অক্টোবর (হি.স.) : উত্তরাখণ্ডের চৌবাটিয়ায় অবস্থিত বিদেশি প্রশিক্ষণ কেন্দ্রে ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির (ইউএই) সেনাবাহিনীর যৌথ সামরিক মহড়া ‘মাউন্টেন গার্ডিয়ান-২০২৬’ চলছে। ৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চলা ১৪ দিনের এই মহড়ায় দুই দেশের মোট ৯২ জন সেনা অংশ নিচ্ছেন। পাহাড়ি অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার সক্ষমতা বৃদ্ধি, কৌশলগত সমন্বয় আরও মজবুত করা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার সংক্রান্ত অভিজ্ঞতা বিনিময় করাই এই মহড়ার উদ্দেশ্য।
ভারতীয় সেনাবাহিনীর ভৈরব ব্যাটালিয়নের জওয়ান এবং ইউএই সেনাবাহিনীর পর্বত পদাতিক ব্যাটালিয়নের সৈনিকেরা এই মহড়ায় অংশ নিচ্ছেন। প্রাথমিক পর্যায়ে দুই দেশের সেনারা শারীরিক প্রশিক্ষণ, জিউ-জিৎসু, দ্রুত প্রতিক্রিয়ার সঙ্গে নিশানাবাজি, পাথুরে পাহাড়ে আরোহণ, দড়ির সাহায্যে নিচে নামা, দড়ি ব্যবহার করে বাধা অতিক্রম করা, হেলিকপ্টার থেকে দড়ির সাহায্যে অবতরণ এবং দিন ও রাতে গুলিচালনার অনুশীলন করেছেন। এর পাশাপাশি পাহাড়ি অঞ্চলে সামরিক অভিযান পরিচালনার জন্য বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
মহড়ার পরবর্তী পর্যায়গুলিতে যৌথ পরিকল্পনা তৈরি, কৌশলগত কার্যকলাপ, নজরদারি ব্যবস্থা গড়ে তোলা, ড্রোন পরিচালনা এবং বিভিন্ন বাধা অতিক্রমের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। এ ছাড়াও সমন্বিত ক্ষেত্রভিত্তিক মহড়ার মাধ্যমে দুর্গম পাহাড়ি এলাকায় প্রযুক্তিনির্ভর সামরিক অভিযান পরিচালনার প্রশিক্ষণ দেওয়া হবে।
দেহরাদূন, উত্তরাখণ্ডের প্রতিরক্ষা জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল চেতন সিং কবসুড়ির মতে, এই মহড়া দুই সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয় ও কৌশলগত দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করছে। পাহাড়ি যুদ্ধের সঙ্গে সম্পর্কিত কার্যপদ্ধতি ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগও পাচ্ছেন সেনারা। ভারত ও সংযুক্ত আরব আমিরশাহির মধ্যে সামরিক সহযোগিতা, পারস্পরিক আস্থা এবং পেশাদার সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই এই মহড়ার আয়োজন করা হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য