
রিয়াদ, ১১ অক্টোবর (হি.স.): সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে শনিবারের হামলায় এক মার্কিন নাগরিক-সহ অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩০৯ জন। সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন সৌদি নাগরিক, দু’জন বাংলাদেশি এবং মিশর, জর্ডন, সিরিয়া, প্যালেস্টাইন ও সুদানের একজন করে নাগরিক রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালগুলিতে চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে , হামলার পর বিমানবন্দরের কাজকর্ম বন্ধ করে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানবন্দরটিও। ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখছেন আধিকারিকেরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শীঘ্রই কোনও সিদ্ধান্ত নেবেন।
মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও বলেছেন, “সৌদি আরবের উপর হুথিদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছে আমেরিকা। রিয়াদ বিমানবন্দরে হামলায় এক মার্কিন নাগরিক-সহ একাধিক নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটেছে।” মার্কিন বিদেশ দফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ট্রাম্প প্রশাসন সৌদি আরবের আধিকারিকদের সঙ্গে কথা বলেছে।
তবে শনিবারের হামলার দায় এখনও স্বীকার করেনি ইরান-সমর্থিত জঙ্গি সংগঠন হুথি। যদিও চলতি সপ্তাহের গোড়ায় ওই বিমানবন্দরে হামলার দাবি করেছিল তারা। সেই হামলায় এক পাইলট-সহ তিন সৌদি নাগরিকের মৃত্যু হয়েছিল বলে জানা গিয়েছে।
শনিবার একটি ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের তিন ও চার নম্বর টার্মিনালে অভ্যন্তরীণ উড়ানের জন্য ব্যবহৃত একটি কমপ্লেক্সে আঘাত হানে। ইয়েমেনে রাষ্ট্রপুঞ্জের বিশেষ দূত হ্যান্স গ্রুন্ডবার্গ এই হামলাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছেন।
হামলার পর উড়ানগুলিকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উড়ান-পর্যবেক্ষক সংস্থা ফ্লাইটরাডার২৪। আমেরিকা, ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডার মতো দেশগুলি নিজেদের নাগরিকদের বিমানবন্দর থেকে দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে। এমন এক সময়ে রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনা ঘটল, যখন সেখানে একটি বড় আন্তর্জাতিক জ্বালানি সম্মেলন আয়োজনের প্রস্তুতি চলছিল।
উড়ান-পর্যবেক্ষক সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রিয়াদ বিমানবন্দরের অন্তত ২৯১টি উড়ান বাতিল হয়েছে। এর আগেই এয়ার ইন্ডিয়া, ফ্লাইদুবাই, লুফথানসা গ্রুপ এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স-সহ একাধিক বিমান সংস্থা বিভিন্ন সময়ের জন্য রিয়াদ ও সৌদি আরবের অন্যান্য বিমানবন্দরে যাতায়াতকারী উড়ান স্থগিত করেছিল।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য