ঝাড়গ্রাম জেলায় ২৭৯টি পুজো কমিটিকে সরকারি অনুদান প্রদান, প্রকাশ পেল জেলা পুলিশের পুজো গাইড ম্যাপ
ঝাড়গ্রাম, ১২ অক্টোবর (হি.স.) :শারদোৎসবের প্রাক্কালে উৎসবের প্রস্তুতি চূড়ান্ত পর্বে পৌঁছেছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ও আনন্দ আরও বাড়িয়ে তুলতে এ বছর জেলার মোট ২৭৯টি দুর্গাপূজা কমিটিকে রাজ্য সরকারের প
ঝাড়গ্রাম জেলায় ২৭৯টি পুজো কমিটিকে সরকারি অনুদান প্রদান, প্রকাশ পেল জেলা পুলিশের পুজো গাইড ম্যাপ


ঝাড়গ্রাম, ১২ অক্টোবর (হি.স.) :শারদোৎসবের প্রাক্কালে উৎসবের প্রস্তুতি চূড়ান্ত পর্বে পৌঁছেছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায়। দুর্গাপূজাকে কেন্দ্র করে সাধারণ মানুষের উন্মাদনা ও আনন্দ আরও বাড়িয়ে তুলতে এ বছর জেলার মোট ২৭৯টি দুর্গাপূজা কমিটিকে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হচ্ছে। যার মধ্যে ২৬ থেকে ২৭টি নতুন পুজো কমিটি এবছর প্রথমবার এই সরকারি অনুদানের আওতায় এল।

সোমবার ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লক ও শহরাঞ্চলের নির্দিষ্ট কার্যালয় এবং জেলার বিভিন্ন থানা থেকে সংশ্লিষ্ট পুজো কমিটিগুলির হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয়। উৎসবের এই দিনগুলিতে যাতে প্রতিটি মণ্ডপে সুষ্ঠুভাবে ও শান্তিপূর্ণভাবে পুজো সম্পন্ন হতে পারে, সেই লক্ষ্যেই রাজ্য সরকারের এই প্রয়াস।

অন্যদিকে, দুর্গোৎসবের দিনগুলিতে দর্শনার্থীদের যাতায়াত সুগম করা, অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রাফিক জ্যাম এড়াতে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি বিশেষ ‘পুজো গাইড ম্যাপ’ প্রকাশ করা হয়েছে। পুলিশ প্রশাসনের আশা, এই গাইড ম্যাপ সাধারণ মানুষ ও দর্শনার্থীদের চলাচলে দারুণ সহায়ক হবে। কোন পথে যানবাহন চলাচল করবে, কোথায় গাড়ি পার্কিং করা যাবে এবং উৎসবের কদিন শহরের কোন কোন রাস্তায় যানজট নিয়ন্ত্রণে বিশেষ কড়াকড়ি থাকবে—তার বিস্তারিত নির্দেশিকা এই ম্যাপে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। পুজোর দিনগুলিতে শহরের প্রতিটি প্রান্তে আইনশৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতেই প্রশাসনের এই বিশেষ উদ্যোগ।

এদিনের এই গুরুত্বপূর্ণ চেক বিতরণ ও গাইড ম্যাপ প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝাড়গ্রামের বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ, বিনপুরের বিধায়ক প্রণত টুডু, নয়াগ্রামের বিধায়ক তথা রাজ্যের কৃষি দপ্তরের প্রতিমন্ত্রী অমিয় কিস্কু, ঝাড়গ্রামের জেলাশাসক আকাঙ্ক্ষা ভাস্কর এবং জেলা পুলিশ সুপার মানব সিংলাসহ জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকেরা।

হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো




 

 rajesh pande