দুর্গাপুরে সিঁদুর খেলা ও ঢাকের তালে উমাকে বিদায়
দুর্গাপুর, ২২ অক্টোবর (হি.স.):- চার দিনের আনন্দ-উৎসবের শেষে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। শরতের নীল আকাশে বিষাদের সুর, চোখের কোণে মনখারাপ। তবুও সেই বিষাদকে দূরে সরিয়ে সিঁদুর খেলা ও ঢাকের তালে নাচে-গানে মেতে উঠলেন মহিলারা। বিজয়া দশমীতে দুর্গাপু
উমা বিদায়


দুর্গাপুর, ২২ অক্টোবর (হি.স.):- চার দিনের আনন্দ-উৎসবের শেষে মা দুর্গাকে বিদায় জানানোর পালা। শরতের নীল আকাশে বিষাদের সুর, চোখের কোণে মনখারাপ। তবুও সেই বিষাদকে দূরে সরিয়ে সিঁদুর খেলা ও ঢাকের তালে নাচে-গানে মেতে উঠলেন মহিলারা। বিজয়া দশমীতে দুর্গাপুরের বামুনাড়া বিবেকানন্দ পার্কে ধরা পড়ল এমনই এক আবেগঘন উৎসবের ছবি।

বিজয়া দশমী উপলক্ষে রংবেরঙের শাড়িতে সেজে সিঁদুর খেলায় অংশ নেন এলাকার মহিলারা। একে অপরকে সিঁদুর পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে এবং শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে তাঁরা উৎসবের আনন্দ ভাগ করে নেন। লাল সিঁদুরে রঙিন হয়ে ওঠে চারপাশ। ঢাকের তালে তালে নাচে-গানেও মেতে ওঠেন তাঁরা।

মা দুর্গার বিদায়বেলায় মন ভারাক্রান্ত হলেও উৎসবের আনন্দে কোনও খামতি ছিল না। সিঁদুর খেলার মধ্য দিয়ে দেবীর কাছে সংসারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মহিলারা। সকলের প্রার্থনা, আগামী বছর আবারও মা দুর্গা ফিরে আসুন মর্ত্যে, ভরিয়ে দিন প্রতিটি সংসার সুখ ও সমৃদ্ধিতে।

এদিনের অনুষ্ঠানে আনন্দের পাশাপাশি ধরা পড়ে আবেগ ও পারস্পরিক ভালোবাসার ছবি। ঢাকের আওয়াজ, সিঁদুরের লাল রং আর বিদায়ের বিষাদ মিলেমিশে একাকার হয়ে যায়। উমাকে বিদায় জানিয়ে আগামী বছরের অপেক্ষায় প্রহর গুনতে শুরু করলেন সকলে। তাঁদের কণ্ঠে একটাই প্রত্যাশা—‘আসছে বছর আবার হবে।’

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande