
কলকাতা, ২২ অক্টোবর (হি.স.) :উৎসবের মরসুমে যাত্রীদের উপচে পড়া অতিরিক্ত ভিড় সামাল দিতে কলকাতা-খাতিপুরা এবং কলকাতা-গুন্টুর রুটে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ ট্রেন পরিষেবার কথা জানানো হয়েছে।বিজ্ঞপ্তি অনুযায়ী, ০৯৭০৯ খাতিপুরা-কলকাতা বিশেষ ট্রেনটি আগামী ২৮ অক্টোবর থেকে ১৮ নভেম্বরের মধ্যে প্রতি বুধবার খাতিপুরা থেকে বিকেল ৩টে ৪৫ মিনিটে ছাড়বে এবং পরের দিন রাত ১০টা ১৫ মিনিটে কলকাতায় এসে পৌঁছবে। অন্যদিকে, ফিরতি পথে ০৯৭১০ কলকাতা-খাতিপুরা বিশেষ ট্রেনটি আগামী ৩০ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে প্রতি শুক্রবার রাত সাড়ে ১২টায় কলকাতা ছেড়ে পরের দিন সকাল ৭টা ১০ মিনিটে খাতিপুরায় পৌঁছবে। যাতায়াতের পথে উভয় দিকেই ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোল স্টেশনে থামবে। এই ট্রেনে সাধারণ শয্যা এবং শীতাতপ নিয়ন্ত্রিত কামরা থাকবে।এ ছাড়া, ০৭৪৩৭ গুন্টুর-কলকাতা বিশেষ ট্রেনটি আগামী ২৫ অক্টোবর ও ১ নভেম্বর বিকেল ৪টেয় গুন্টুর থেকে ছেড়ে পরের দিন দুপুর ২টো ৫০ মিনিটে কলকাতায় পৌঁছবে। ফিরতি পথে ০৭৪৩৮ কলকাতা-গুন্টুর ট্রেনটি ২৬ অক্টোবর ও ২ নভেম্বর বিকেল ৫টা ৩৫ মিনিটে কলকাতা ছেড়ে পরের দিন বিকেল সাড়ে ৫টায় গুন্টুরে পৌঁছবে। উভয় দিকেই ট্রেনটি দক্ষিণেশ্বর স্টেশনে থামবে। এই ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত, সাধারণ শয্যা ও সাধারণ দ্বিতীয় শ্রেণির কামরার ব্যবস্থা রাখা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, এই বিশেষ ট্রেনগুলির টিকিট বুকিংয়ের তারিখ শীঘ্রই প্রকাশ করা হবে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত