মহারাষ্ট্রের নালাসোপারায় বহুতলে বিধ্বংসী আগুন; বৃদ্ধার মৃত্যু, উদ্ধার ১৫ জন আবাসিক
নালাসোপারা, ১৪ অক্টোবর (হি.স.): গভীর রাতে মহারাষ্ট্রের নালাসোপারায় এক বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ভাসাই-বিরার পুরনিগম এলাকার অন্তর্গত নালাসোপারা-ভাসাই লিংক রোডের ''ইম্পেরিয়াল হাইটস'' (বা ইম্পেরিয়াল ট
মহারাষ্ট্রের নালাসোপারায় বহুতলে বিধ্বংসী আগুন; বৃদ্ধার মৃত্যু, উদ্ধার ১৫ জন আবাসিক


নালাসোপারা, ১৪ অক্টোবর (হি.স.): গভীর রাতে মহারাষ্ট্রের নালাসোপারায় এক বহুতল আবাসনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে ভাসাই-বিরার পুরনিগম এলাকার অন্তর্গত নালাসোপারা-ভাসাই লিংক রোডের 'ইম্পেরিয়াল হাইটস' (বা ইম্পেরিয়াল টাওয়ার) বহুতলে। আগুনে এক ষাটোর্ধ্ব মহিলার মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর।

দমকল আধিকারিকদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টা নাগাদ ওই বহুতলের ৮ থেকে ১০ তলায় হঠাৎই আগুনের শিখা ও কালো ধোঁয়া দেখতে পান বাসিন্দারা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়েই যুদ্ধকালীন তৎপরতায় ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী, স্থানীয় পুলিশ ও পুর প্রশাসনের উদ্ধারকারী দল। বেশ কয়েকটি দমকল ইঞ্জিন ও ল্যাডার ব্যবহার করে আগুন নেভানোর কাজ শুরু হয়। আটকে পড়া আবাসিকদের মধ্যে অন্তত ১৫ জনকে সুরক্ষিতভাবে নামিয়ে আনা হয়েছে, পাশাপাশি বহু বাসিন্দা বিপদ আঁচ করে সিঁড়ি দিয়ে নিজে থেকেই নিচে নেমে আসেন।

ভাসাই-বিরার পুর কমিশনার পৃথ্বীরাজ বি.পি. ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাত প্রায় সাড়ে এগারোটা নাগাদ অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই দমকল, পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকরা উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এক ষাটোর্ধ্ব মহিলার মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য পেতে একটি বিশদ তদন্ত চালানো হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande