
পেশোয়ার ও ইসলামাবাদ, ১৫ অক্টোবর (হি.স.): পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘটনায় ভেঙে পড়ল একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ। বৃহস্পতিবার ক্লাস চলাকালীন এই ছাদ ধসের ঘটনায় অন্তত ২৭ জন খুদে পড়ুয়া এবং এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। নিহত পড়ুয়াদের অধিকাংশের বয়সই ১৩ বছরের নিচে। ধ্বংসস্তূপের নিচে এখনও বেশ কয়েকজন আটকে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল।
প্রশাসন সূত্রে জানা গেছে, পেশোয়ারের দির কলোনি এলাকায় অবস্থিত একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস চলাকালীন আচমকাই ওপরের তলার ছাদ ভেঙে নিচে পড়ে। বিকট শব্দে ভেঙে পড়ে ক্লাসরুমের কংক্রিটের কাঠামো, যার নিচে চাপা পড়ে যায় শিক্ষক ও পড়ুয়ারা। ঘটনার খবর পেয়েই উদ্ধারকারী দল ও স্থানীয় বাসিন্দারা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজে হাত লাগায়। ধ্বংসস্তূপ থেকে রক্তাক্ত অবস্থায় পড়ুয়াদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালে নিয়ে আসার পথেই বহু শিশুর মৃত্যু হয়। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। প্রাথমিকভাবে দুর্বল নির্মাণ পরিকাঠামো এবং অতিরিক্ত ভারের কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে মনে করা হচ্ছে। গোটা এলাকা বর্তমানে ঘিরে রেখে ভারী যন্ত্রপাতির সাহায্যে নিখোঁজ পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ