
কলকাতা, ১৫ অক্টোবর (হি.স.):- রঙের ক্যানভাসে শিল্পের ছোঁয়া—এই ভাবনাকে সামনে রেখে সাহাপুর কলোনি পূর্ব সর্বজনীন দুর্গাপুজো কমিটির ৮০তম বর্ষের উৎসবের সূচনা হল। বুধবার সন্ধ্যা সাতটায় ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুর্গাপ্রতিমার আবরণ উন্মোচন করেন রাজ্যের অর্থ বিষয়ক ক্যাবিনেট মন্ত্রী স্বপন দাশগুপ্ত। এরপর প্রতিমায় পুষ্পার্ঘ্য নিবেদন করেন তিনি। পুজো কমিটির পক্ষ থেকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে মন্ত্রীকে সংবর্ধনা জানানো হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সভাপতি প্রদীপ চন্দ্র সাহা, যুগ্ম সম্পাদক দিলীপ দাস ও শম্ভু নন্দী, জয়ন্ত গুহ ঠাকুরতা, সহ-সভাপতি শিবু নন্দী, কোষাধ্যক্ষ অরুণ সাহা-সহ অন্যান্য সদস্য ও এলাকার মহিলারা। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি অভিনেতা পরান বন্দ্যোপাধ্যায়। তিনি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বয়সের মহিলাদের নৃত্য পরিবেশনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। পঞ্চাশোর্ধ্ব মহিলাদের অংশগ্রহণের মধ্য দিয়ে উঠে আসে নারীর আত্মবিশ্বাস ও অদম্য ইচ্ছাশক্তির বার্তা।
পুজো কমিটির সদস্যরা জানান, রঙের বৈচিত্র্য ও শিল্পীর তুলির টানে মণ্ডপের ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে। পুজোর চার দিন ধরে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণের আয়োজন। উদ্বোধনের পর থেকেই মণ্ডপে দর্শনার্থীদের ভিড় জমতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়