
শান্তিপুর, ১৫ অক্টোবর (হি.স.): নদিয়ার শান্তিপুরের ফুলিয়া উদয়পুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল স্কুটির দুই আরোহীর। বৃহস্পতিবার এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মৃতদের নাম সত্যেন রায় ও শংকর বিশ্বাস। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে একজন বোয়ালিয়া এবং অন্যজন ফুলিয়াপাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, দুই স্কুটি আরোহী রানাঘাটের দিক থেকে শান্তিপুরের দিকে ফিরছিলেন। সেই সময় উল্টো দিক থেকে একটি ঠাকুর নিয়ে যাওয়ার গাড়ি আসছিল। ওই গাড়ির সঙ্গে সংঘর্ষের জেরে স্কুটিটি নিয়ে রাস্তায় পড়ে যান দুই আরোহী। অভিযোগ, এরপর পিছন দিক থেকে আসা একটি ডাম্পার তাঁদের উপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শান্তিপুর ট্রাফিক গার্ড এবং শান্তিপুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনার পর থেকেই ঘাতক ডাম্পারটির খোঁজে তল্লাশি শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। কীভাবে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ডাম্পারটির চালক দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে চলে গিয়েছেন বলে স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে জড়িত গাড়িটির পরিচয় নিশ্চিত করতে তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দুই পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়