
কাঁকসা, ১৫ অক্টোবর (হি.স.):-
১৯ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন। বৃহস্পতিবার ভোররাতে পশ্চিম বর্ধমানের কাঁকসার রাজবাঁধ এলাকায় বালি বোঝাই ট্রাক্টরের পিছনে একটি ছোট চারচাকা গাড়ির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোররাতে বর্ধমানের দিক থেকে দুর্গাপুরের দিকে যাচ্ছিল ছোট চারচাকা গাড়িটি। একই দিকে যাচ্ছিল একটি বালি বোঝাই ট্রাক্টর। অভিযোগ, চলন্ত অবস্থায় নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি ট্রাক্টরের পিছনে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের জেরে ট্রলিসহ ট্রাক্টরটি ঘুরে রাস্তার উপর উল্টে যায়। অন্যদিকে, ছোট গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। গাড়ির ভিতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে তাঁরা হাত লাগান। দুর্ঘটনায় ট্রাক্টরের চালকও ছিটকে রাস্তায় পড়ে গুরুতর জখম হন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রাজবাঁধের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক যুবকের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বাকি চারজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার জেরে জাতীয় সড়কে সাময়িকভাবে যান চলাচলও ব্যাহত হয়।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়