
ঝাড়্গ্রাম, ১৫ অক্টোবর (হি স): দুর্গাপুজোর আনন্দে মেতে ওঠার পাশাপাশি সাধারণ মানুষ যাতে আইনি অধিকার সম্পর্কেও সচেতন হতে পারেন, সেই উদ্যোগ নিল ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। পুজো মণ্ডপে ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য জেলার তিনটি দুর্গাপুজো মণ্ডপে চালু করা হচ্ছে বিনামূল্যে আইনি পরামর্শ ও সচেতনতা শিবির। সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলবে এই কর্মসূচি। ঝাড়গ্রাম, বেলপাহাড়ি ও গোপীবল্লভপুরের তিনটি পুজো মণ্ডপে এই শিবিরের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন ‘অধিকার মিত্র’রা। পারিবারিক বিবাদ, জমিজমা সংক্রান্ত সমস্যা-সহ বিভিন্ন আইনি জটিলতার ক্ষেত্রে কী ভাবে বিনামূল্যে আইনি সহায়তা পাওয়া যায়, সে বিষয়ে সাধারণ মানুষকে পরামর্শ দেবেন তাঁরা। পাশাপাশি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাজকর্ম এবং আইনি সহায়তা পাওয়ার পদ্ধতি সম্পর্কেও জানানো হবে। বৃহস্পতিবার বিকেলে গোপীবল্লভপুরের নয়াবাসান সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপে একটি শিবিরের উদ্বোধন করেন জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক রিহা ত্রিবেদী। তিনি জানান, প্রতিটি শিবিরে প্রতিদিন দু’জন করে ‘অধিকার মিত্র’ উপস্থিত থেকে মানুষকে আইনি বিষয়ে সচেতন করবেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর থানার আইসি অজয় কুমার সিং, গোপীবল্লভপুর-১ ব্লকের যুগ্ম বিডিও সুশান্ত কুণ্ডু-সহ পুজো কমিটির বিভিন্ন পদাধিকারীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো