কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এল মুরুগনের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ড. এল মুরুগনের ইস্তফা অবিলম্বে কার্যকর করার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছ
কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে এল মুরুগনের ইস্তফা গ্রহণ রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ড. এল মুরুগনের ইস্তফা অবিলম্বে কার্যকর করার অনুমোদন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

বৃহস্পতিবার রাষ্ট্রপতি ভবনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারার অধীনে মুরুগনের ইস্তফা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী ড. এল মুরুগন গত ১৩ অক্টোবর কেন্দ্রীয় মন্ত্রিসভা ও রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি। পরে সেই চিঠি সমাজমাধ্যমেও প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুরুগন মন্ত্রিত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানান। তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিকে আরও শক্তিশালী করা এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে সম্পূর্ণ সময় দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি।

চিঠিতে মুরুগন জানান, তিনি আবার দলের তৃণমূল স্তরে ফিরে কর্মীদের সঙ্গে কাজ করতে চান। রাজ্যের গ্রাম ও শহরাঞ্চলে দলের জনভিত্তি বাড়ানোর জন্য নিজের সম্পূর্ণ সময় দিতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগকে জীবনের বড় সৌভাগ্য বলে উল্লেখ করে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মুরুগন। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ ছাড়ার অনুমতিও চেয়েছিলেন তিনি।

মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভায় নির্বাচিত মুরুগনের সদস্যপদের মেয়াদ ২০৩০ সালে শেষ হওয়ার কথা ছিল। ২০২১ সালে প্রধানমন্ত্রী মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি প্রতিমন্ত্রী হন। ২০২৪ সালে মোদীর তৃতীয় মন্ত্রিসভাতেও তাঁর দায়িত্ব বহাল ছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande