
দুর্গাপুর, ১৫ অক্টোবর (হি.স.):-
পুজোর আগে চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার করে সাফল্য পেল দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। বাইক চুরির অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি চুরি যাওয়া বাইকটিও উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের নাম দেবা চৌহান ও অজয় রাম। তাঁরা দু’জনেই পানাগড়ের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর দুর্গাপুরের বিদ্যাসাগর পল্লির বাসিন্দা বিপুল বিশ্বাস এক আত্মীয়কে আনতে দুর্গাপুর স্টেশনে গিয়েছিলেন। সেই সময় তিনি স্টেশন চত্বরে নিজের বাইকটি রেখে যান। কাজ সেরে ফিরে এসে তিনি দেখেন, বাইকটি উধাও। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও বাইকের সন্ধান না পেয়ে তিনি কোক ওভেন থানায় চুরির অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার পরই তদন্ত শুরু করে পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মণ্ডলের নির্দেশে অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর সঞ্জয় ঘোষের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের সূত্র ধরে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং তাঁদের কাছ থেকে চুরি যাওয়া বাইকটি উদ্ধার করে।
বৃহস্পতিবার ধৃত দু’জনকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুজোর আগে চুরি যাওয়া বাইক ফিরে পেয়ে স্বস্তি পেয়েছেন বিপুল বিশ্বাস। ঘটনার তদন্তে পুলিশের এই সাফল্যে এলাকায় স্বস্তি ফিরেছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়