মালদার হাঁসপুকুর গ্রামে মহিলাদের উদ্যোগে প্রথম দুর্গাপুজো, উৎসব ঘিরে উচ্ছ্বাস
মালদা, ১৬ অক্টোবর (হি.স.): শারদোৎসবের আনন্দে এবার নতুন সংযোজন মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামে। এই প্রথমবার গ্রামে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। মাতা মনমোহিনী সেবা সমিতির পরিচালনায় মহিলাদের উদ্যোগে শুরু হওয়া এই পুজোকে ক
মহিলা পরিচালিত দুর্গা পুজো


মালদা, ১৬ অক্টোবর (হি.স.): শারদোৎসবের আনন্দে এবার নতুন সংযোজন মালদার বামনগোলা ব্লকের জগতলা গ্রাম পঞ্চায়েতের হাঁসপুকুর গ্রামে। এই প্রথমবার গ্রামে আয়োজিত হচ্ছে দুর্গাপুজো। মাতা মনমোহিনী সেবা সমিতির পরিচালনায় মহিলাদের উদ্যোগে শুরু হওয়া এই পুজোকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা। এতদিন এই গ্রামে দুর্গাপুজোর আয়োজন না হলেও চলতি বছরে মহিলাদের উদ্যোগে প্রথমবার মায়ের আরাধনায় সামিল হয়েছেন গ্রামবাসীরা।

এই পুজোর বিশেষত্ব হল, আয়োজন থেকে শুরু করে পরিচালনার বিভিন্ন দায়িত্ব সামলাচ্ছেন মহিলা সমিতির সদস্যরা। তাঁদের এই উদ্যোগে হাঁসপুকুর গ্রামের শারদোৎসবে যুক্ত হয়েছে নতুন মাত্রা। প্রথমবার গ্রামে দুর্গাপুজো হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যেও দেখা দিয়েছে বাড়তি উন্মাদনা।

শুক্রবার সকাল থেকেই পুজোমণ্ডপে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজোকে কেন্দ্র করে গ্রামে তৈরি হয়েছে উৎসবের আবহ। ছোট থেকে বড়, সকলেই এই নতুন উদ্যোগকে ঘিরে আনন্দে মেতে উঠেছেন।

মহিলা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পাঁচ দিন ধরে পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর এই উদ্যোগ আগামী দিনে গ্রামের মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মহিলাদের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারাও। প্রথমবারের এই আয়োজন আগামী দিনে গ্রামের শারদোৎসবের অন্যতম আকর্ষণ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande