
কলকাতা, ১৬ অক্টোবর (হি.স.):-
স্বচ্ছতা পক্ষ ২০২৬ এবং বিশেষ অভিযান ৬.০ উপলক্ষে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা কর্মসূচি এবং বর্জ্য ব্যবস্থাপনার উদ্যোগ জোরদার করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডের নেতৃত্বে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে।
পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন ২০২৬ সালের কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধির সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের কর্মপরিকল্পনা সংশোধন ও চূড়ান্ত করেছে। বর্জ্য পৃথকীকরণ, সচেতনতা কর্মসূচি, বাল্ক ওয়েস্ট জেনারেটরদের নিবন্ধন এবং বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের তথ্য এই পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ১৫ অক্টোবরের নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট রিপোর্ট রেলওয়ে বোর্ডে জমা দেওয়া হয়েছে।
অন্যদিকে, মালদা টাউন, সাহেবগঞ্জ, জামালপুর ও ভাগলপুর স্টেশনে যন্ত্রের সাহায্যে পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বিভিন্ন স্টেশনে প্ল্যাটফর্ম, ফুট ওভারব্রিজ, রেললাইন সংলগ্ন এলাকা, প্রতীক্ষালয় ও শৌচাগার পরিষ্কার করা হয়েছে। আসানসোল স্টেশনে নির্দিষ্ট ডাস্টবিনে আবর্জনা ফেলার বিষয়ে যাত্রীদের সচেতন করা হয়।
দুর্গাপুর স্টেশনে সবুজ, নীল, লাল ও কালো রঙের চারটি পৃথক ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে বর্জ্য পৃথকীকরণের প্রচার চালানো হয়। হাওড়া ডিভিশনের উদ্যোগে কোননগর ও তারকেশ্বর স্টেশনেও সচেতনতা কর্মসূচি হয়। আজিমগঞ্জ ও রামপুরহাট স্টেশনে চলে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, পরিচ্ছন্নতা সকলের সম্মিলিত দায়িত্ব। যাত্রীদের সহযোগিতায় পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রেল পরিষেবা গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়