চোরবাগান পুজোয় মর্মান্তিক দুর্ঘটনা: শোকপ্রকাশ স্বরাষ্ট্রমন্ত্রীর, বাতিল হলো রবিবারের সমস্ত কর্মসূচি
কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) : উত্তর কলকাতার বিখ্যাত চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ঘটা ভয়াবহ পদপিষ্টের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পরই তিনি রাজ্যের মুখ্যমন্ত
অমিত শাহ


কলকাতা, ১৭ অক্টোবর (হি.স.) :

উত্তর কলকাতার বিখ্যাত চোরবাগান সর্বজনীন দুর্গোৎসব মণ্ডপে মহাসপ্তমীর সন্ধ্যায় ঘটা ভয়াবহ পদপিষ্টের ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই মর্মান্তিক দুর্ঘটনার পর পরই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে টেলিফোনে কথা বলে পুরো পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নিয়েছেন। পরিস্থিতি সামাল দিতে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ ও উদ্ধারকাজের বিষয়েও তাঁর সঙ্গে আলোচনা হয়।

সামাজিক মাধ্যম এক্স -এ একটি বার্তা দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, “ এইমাত্র চোরবাগান সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে পদপিষ্ট হয়ে একাধিক মানুষের হতাহতের অত্যন্ত দুঃখজনক খবর পেয়েছি। এই বিষয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই। আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করছে প্রশাসন।

পাশাপাশি, এই বড়সড় দুর্ঘটনার জেরে নিজের রবিবারের সমস্ত পূর্বনির্ধারিত সরকারি ও রাজনৈতিক কর্মসূচি স্থগিত রাখার কথা ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানিয়েছেন যে, রবিবারে পশ্চিমবঙ্গে তাঁর নির্ধারিত সমস্ত কর্মসূচি বাতিল করে তিনি সরাসরি হাসপাতালে যাবেন এবং সেখানে চিকিৎসাধীন আহত পুজোদর্শনার্থী ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন।

উল্লেখ্য, সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান মণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে তৈরি হওয়া হুড়োহুড়িতে এই বড় দুর্ঘটনা ঘটে। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই আহতদের দ্রুত চিকিৎসায় সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং জরুরি তথ্য জানার জন্য টোল-ফ্রি হেল্পলাইন (18003455678) চালু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande